লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে তাওহিদ হৃদয়ের দল জাফনা কিংস। গল গ্যালান্টসের বিপক্ষে এই জয়ের সুবাদে এলপিএলের ফাইনালে উঠেছে তারা। ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাফনা কিংস নির্ধারিত ২০ ওভারে ২৪২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে গল গ্যালান্টস ২০ ওভারে ২২৮ রানে থামলে ১৪ রানের জয় পায় জাফনা।
জাফনার ইনিংসে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন কামিল মিশরা ও অভিস্কা ফার্নান্দো। ১৪ বলে ১৯ রান করে অভিস্কা ফার্নান্দো আউট হলেও অপরাজিত থাকেন কামিল মিশরা। তিনি মাত্র ৫৫ বলে ১০৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৭টি ছক্কা। ৩২ বলে ৫৪ রান করেন খাজা নাফে। ১৫.৩ ওভারে যখন হৃদয় ব্যাট করতে নামেন, দলের রান ছিল ২ উইকেটে ১৭৩। দ্রুত রান তোলার দায়িত্ব নিয়ে ২১ বল মোকাবেলা করে তিনি ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৪ রান করেন। কামিলের সঙ্গে চতুর্থ উইকেটে ২৮ বলে ৭১ রানের জুটি গড়েন তিনি।
প্রত্যুত্তরে গল গান্টাস ২৩০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে বেশ কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ২১ বলে ৪৪ রান করেন স্যাম হার্পার। শেষ পর্যন্ত গল ২০ ওভার শেষে ২২৮ রানে থামে।
বল হাতে জাফনার হয়ে ৩ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি তিনি। ৮ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। জাফনা কিংসের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

