রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে গত শনিবার নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক গুস্তাভ ল্য ক্লেজিওর গল্পগ্রন্থ ‘যে কখনো সমুদ্র দেখেনি’-এর বাংলা অনুবাদের প্রকাশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গলবুকস প্রকাশিত বইটি মূল ফরাসি থেকে অনুবাদ করেছেন নূরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত লেখক, কবি ও সাহিত্য সমালোচকেরা বইটির অনুবাদে ভাষার সাবলীলতা, বিশ্বস্ততা ও সাহিত্যের সৌন্দর্য বজায় রাখার জন্য অনুবাদকের প্রশংসা করেন। কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান, লেখক সাদাত সায়েম, অনুবাদক মঈন উদ্দীন আহমদ এবং কথাসাহিত্যিক দীপু মাহমুদ বইটির অনুবাদ ও সাহিত্যমানের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, গল্পগুলোতে শিশু, প্রকৃতি, মানবিকতা ও দর্শনের বিভিন্ন দিক গভীরভাবে প্রতিফলিত হয়েছে। অনুবাদক নূরুল আলম জানান, ফরাসি ভাষা শেখার পর সাহিত্য অনুবাদে তাঁর আগ্রহ তৈরি হয়। বইটির নামগল্প অনুবাদ করতে তাঁর সাত থেকে আট মাস সময় লেগেছে। এরপর আনি এর্নোর একটি বই অনুবাদের কাজে যুক্ত হওয়ায় এই প্রকল্প কিছুদিন পিছিয়ে যায়। বেঙ্গলবুকসের মহাব্যবস্থাপক ও প্রকল্পপ্রধান আজহার ফরহাদ জানান, বইটিকে ত্রুটিমুক্ত ও মানসম্মত করতে দীর্ঘ সময় ধরে সম্পাদনা করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোকসানা কাজল, মাহমুদুল হক আরিফ, আবদুল্লাহ আমান ও নীহার মোশাররফ। তৌহিদ ইমাম সঞ্চালনার দায়িত্ব পালন করেন।