আবাসন খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা, গ্রীষ্মকালীন আবাসন মেলা ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির পরিচালনা পর্ষদের একাংশের করা গুরুতর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এই নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অভিযোগগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিহ্যাবের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। আগামী বৃহস্পতিবার ওই কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। নির্দেশনায় রিহ্যাব সভাপতি মো. আলী আফজালকে এসব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। সেখানে আর্থিক অনিয়মসহ মোট ১২টি বিষয়ে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—২২ জুলাই পরিচালনা পর্ষদের অনুমোদন না নিয়েই সভাপতি আলী আফজাল ও জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাকের যৌথ স্বাক্ষরে সংগঠনের তহবিল থেকে দুই কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া গত তিন মাসে তহবিল থেকে আরও ৫০ লাখ টাকা ব্যয় করা হলেও তা পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করে অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীরা আরও জানান, সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে পরিচালনা পর্ষদের সদস্যদের বাদ দিয়ে সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীকে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতি, রিহ্যাব কার্যালয়ের গোপন তথ্য ফাঁস এবং ক্রয়সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বাতিলের মতো বেশ কয়েকটি বিষয়েও অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল প্রথম আলোকে বলেন, 'সব কটি অভিযোগ ভিত্তিহীন। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছি। একইভাবে অনুমোদন নিয়েই বিভিন্ন বিষয়ে স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে। বৃহস্পতিবারের শুনানিতে আমরা তথ্য-প্রমাণসহ বিস্তারিত তুলে ধরব।'
উল্লেখ্য, আগামী শনিবার (১ আগস্ট) ঢাকার হোটেল রেডিসন ব্লুতে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া আগামী ১২ আগস্ট শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু হওয়ার কথা ছিল। মন্ত্রণালয়ের নির্দেশে এখন এসব আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে।




