চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুরু হবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে মোট ৬১৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৪৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। রাজশাহী বোর্ডে ৮৫টি, চট্টগ্রাম বোর্ডে ৮৭টি, দিনাজপুর বোর্ডে ৫৮টি এবং ময়মনসিংহ বোর্ডে ৪৪টি কেন্দ্র রাখা হয়েছে। অন্যদিকে, যশোর বোর্ডে ৬২টি, কুমিল্লা বোর্ডে ৫৪টি, বরিশাল বোর্ডে ৪২টি ও সিলেট বোর্ডে ৪১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে নিজ নিজ কেন্দ্রের বিস্তারিত তথ্য দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি ও কেন্দ্র সংক্রান্ত যাবতীয় নির্দেশনা সময়মতো জানিয়ে দেওয়া হবে বলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।




