সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি ওমরাহ ভিসার নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে। নতুন এই ব্যবস্থায় ওমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর এবং ভিসাধারীরা এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। তবে প্রতিবার অবস্থানের সর্বোচ্চ সময়সীমা ৯০ দিন নির্ধারণ করা হয়েছে। খবরটি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) নিশ্চিত করেছে।
নতুন ভিসা ইস্যুর তারিখ থেকে শুরু করে টানা ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারীরা এই সময়সীমার মধ্যে বারবার সৌদি আরবে যেতে পারবেন। এই পদক্ষেপ সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মন্ত্রণালয় জানিয়েছে। এর মূল লক্ষ্য হলো ওমরাহ পালনের প্রক্রিয়া সহজতর করা, আগমন প্রক্রিয়ায় আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সেবার মান বৃদ্ধি করা।
ভিসাধারীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবার সফরের জন্য অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধ মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। সৌদি আরবে পৌঁছানোর আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নেওয়া আবশ্যক।
প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ভিসাটি পুনরায় সক্রিয় করা যাবে। হজ মৌসুমে অর্থাৎ ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না।
মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, নতুন এই ভিসা ওমরাহ সফরের পরিকল্পনায় বাড়তি সুবিধা দেবে এবং ওমরাহ আদায়কে আরও সহজ করবে। পুরো যাত্রাপথে ডিজিটাল ও কার্যকরী সেবার সমন্বয় ঘটানো হবে, যা ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নত করবে বলে আশা করা হচ্ছে। ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য ভিসা আবেদনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।




