বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান শুধু নতুন সংসার শুরু করেননি, বরং পুরো পরিবারকে এক ছাদের নিচে আনার জন্য বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছেন। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় তিনি প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে বহুতল একটি ‘স্কাই ভিলা’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই ভবনে তাঁর স্ত্রী গৌরী স্প্র্যাট, সন্তান, মা, বোন—এমনকি সাবেক স্ত্রী ও তাঁদের সন্তানদের জন্যও পৃথক থাকার ব্যবস্থা রাখা হবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে।
পরিকল্পনাটি প্রথম প্রকাশ পায় ২০২৪ সালে। তখন জানা যায়, আমিরের দীর্ঘদিনের বাসভবন সংলগ্ন ‘বেলা ভিস্তা’ এবং ‘মারিনা অ্যাপার্টমেন্টস’ নামে দুটি পুরোনো ভবন ভেঙে পুনর্নির্মাণ করা হবে। এই প্রকল্পে সবচেয়ে বড় বিনিয়োগকারী ছিলেন আমির নিজেই। ‘বেলা ভিস্তা’র ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টির মালিক তিনি ছিলেন। পাশাপাশি ‘মারিনা অ্যাপার্টমেন্টস’-এও তাঁর একাধিক ফ্ল্যাট ছিল। ফ্রি প্রেস জার্নালের খবর অনুযায়ী, পুনর্নির্মিত ভবনে আরও কয়েকটি ফ্ল্যাট কেনার জন্য আমির ১০০ কোটির বেশি রুপি ব্যয় করেছেন। এসব ফ্ল্যাট একত্র করে তৈরি হবে বিশাল ‘স্কাই ভিলা’, যেখানে একসঙ্গে একাধিক প্রজন্মের সদস্যরা বসবাস করতে পারবেন।
প্রকল্পের নকশা অনুযায়ী, ভবনের একটি সম্পূর্ণ তলা থাকবে পারিবারিক অনুষ্ঠান, উৎসব ও অতিথি আপ্যায়নের জন্য। আমিরের ছেলে জুনায়েদ খানের জন্য নির্ধারিত থাকবে আলাদা একটি তলা। আর অভিনেতা নিজে স্ত্রী গৌরী স্প্র্যাট এবং গৌরীর আগের সংসারের ছেলে কুইনকে নিয়ে থাকবেন দুটি তলাজুড়ে। ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান শুধু বর্তমান সংসার নয়, বরং পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও আলাদা ব্যবস্থা রেখেছেন। তাঁর মা জিনাত হুসেন, বোন নিখাত খান ও ফরহাত খান দত্তের জন্য থাকবে পৃথক আবাসন। এমনকি সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদের জন্যও একটি আলাদা অ্যাপার্টমেন্ট রাখার পরিকল্পনা রয়েছে।
পুনর্নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমির সাময়িকভাবে কাছাকাছি একটি ভবনে ভাড়া থাকছেন। পালি হিলের নার্গিস দত্ত রোডের ‘উইলনোমোনা অ্যাপার্টমেন্টস’-এ চারটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বর্তমানে তিনি মা, বোন, ছেলে জুনায়েদ ও আজাদ, স্ত্রী গৌরী স্প্র্যাট ও কুইনকে নিয়ে বসবাস করছেন। চলতি বছরের ৫ জুলাই পালি হিলের বাড়িতেই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধিত বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তাঁদের আগের সংসারের সন্তানেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আংটিবদলের অনুষ্ঠানে আংটি বহনের দায়িত্ব পালন করেন আমিরের ছেলে আজাদ রাও খান ও গৌরীর ছেলে কুইন। এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। নতুন এই ‘স্কাই ভিলা’ পরিকল্পনা বাস্তবায়িত হলে বলিউডের তারকাদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী পারিবারিক আবাসগুলোর একটি হয়ে উঠতে পারে।




