ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচার আদালত গত জুলাই মাসে মোট ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলার নিষ্পত্তি করেছে। পাশাপাশি একই সময়ে ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি এবং ৩৩টি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার ডিএমপি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হকের বরাতে জানা যায়, জুলাই মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরাসহ আটটি বিভাগের আওতায় এ সংখ্যক ফৌজদারি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। মামলাগুলোতে মোট ১০ হাজার ৪৩৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিষ্পত্তিকৃত ফৌজদারি মামলাগুলো থেকে অর্থদণ্ড বাবদ ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম ও বাজেয়াপ্ত সম্পদ থেকে আরও ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮–এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জুলাই মাসে নতুন করে ১ হাজার ৩৪০টি মামলা দায়ের করা হয়েছে। পূর্ববর্তী বিচারাধীন মামলাসহ একই সময়ে মোট ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলার নিষ্পত্তি হয়েছে। এসব মামলা থেকে জরিমানা বাবদ ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে।

ডিএমপি দাবি করছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হওয়ায় মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।