নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। রোববার প্রকাশিত ফলাফলে জানা যায়, প্রতিষ্ঠানটির ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ৪০ জন বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল ক্যাটাগরিতে এবং ১৪ জন সাধারণ গ্রেডে স্থান করে নিয়েছেন। সৈয়দপুর উপজেলায় এটি কোনো একক বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রেকর্ড বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান জানান, শিক্ষকদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টা, নিয়মিত পাঠদানের মান উন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। তিনি বলেন, একসঙ্গে ৪০ জন শিক্ষার্থীর বৃত্তি লাভ বিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থী তাওসিফ ইসলাম (তাহিন) জানায়, সে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করে। ভবিষ্যতে তার লক্ষ্য মানবিক ডাক্তার হওয়া। অপরদিকে, বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য সরকারি স্কুলই একমাত্র ভরসা। তিনি তুলশীরাম স্কুলকে সৈয়দপুরের একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন এবং জানান, এখানে পড়াশোনায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় চত্বরে আনন্দের বন্যা বয়ে যায়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুশির জোয়ারে ভাসেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয় এবং সবাই মিলে এই কৃতিত্ব উদযাপন করেন।



