সিঙ্গাপুরের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠানে বিশেষ মর্যাদায় অংশ নিলেন প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী সোহেল রানা। গত ৯ আগস্ট ক্যালাং ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত এই জমকালো আয়োজনে একমাত্র প্রবাসী বাংলাদেশি শিল্পী হিসেবে আমন্ত্রণ পান তিনি। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তাঁকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়।

দীর্ঘ ১০ বছর পর ক্যালাং ন্যাশনাল স্টেডিয়ামে ফিরে এসেছে এই কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে অংশ নেয় ৩২টি কন্টিনজেন্ট এবং বিশাল বেসামরিক বাহিনী। অনুষ্ঠানটি উপভোগ করতে স্টেডিয়ামে জমায়েত হয়েছিল ৪২ হাজারেরও বেশি দর্শক। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল ইনডোর ড্রোন শো এবং নতুন গান পরিবেশনা। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশি এই শিল্পী। স্টেডিয়ামের বড় পর্দাসহ সিঙ্গাপুরের জাতীয় টেলিভিশন চ্যানেলেও তাঁকে বিশেষভাবে প্রদর্শন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের গুণী শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে সম্মানের সঙ্গে স্থান করে নেন তিনি। সোহেল রানাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনেকে। উপস্থিত দর্শকদের একটি বড় অংশ তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বাংলাদেশের লাল-সবুজ পতাকা বুকে ধারণ করে সিঙ্গাপুরের মাটিতে তিনি তুলে ধরেন দেশের গৌরব। বিদেশের মাটিতে বাংলাদেশ তথা সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীদের জন্য এটি হয়ে উঠেছে গর্ব ও সম্মানের মুহূর্ত।

এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণের অনুভূতি প্রকাশ করে সোহেল রানা বলেন, প্রবাসে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটি। তিনি বলেন, ওয়ার্ক পারমিটধারী একজন অস্থায়ী বাসিন্দা হিসেবে সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে জাতীয় দিবসের এমন আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। সাধারণত শুধু সিঙ্গাপুরের নাগরিকরাই এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পান, তাও আবার সীমিত সংখ্যায়। তাঁর মতো একজন সাধারণ কর্মীকে আমন্ত্রণ জানানোয় সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁর এই আমন্ত্রণ ভবিষ্যতে সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের সম্মান বহুগুণ বাড়িয়ে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই শিল্পী।

উল্লেখ্য, দেড় দশক আগে সিঙ্গাপুরের মাটিতে ‘মাইগ্র্যান্টস ব্যান্ড সিঙ্গাপুর’-এর যাত্রা শুরু হয়। একদল তরুণ শিল্পমনা মানুষকে নিয়ে গড়ে ওঠা এই ব্যান্ডে বর্তমানে নিয়মিত কাজ করছেন নীলসাগর শাহীন, সোহেল রানা, উজ্জ্বল কুমার, সজীব সাহা, শিশির, প্রীতম, রবিউল, মনির, সেবক, খাইরুল, নজরুল, মানিক, মাইনুল ইসলাম, ফরহাদ, বজলু, আলী আলমাস, রুবেল, শপনসহ অনেকে। সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সোহেল রানার এই সাফল্যে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন।