খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে সশস্ত্র চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিজিবি সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪টি গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিজিবির যামিনীপাড়া জোন জানিয়েছে, রোববার দিবাগত রাতের প্রায় ৩টা ১০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় ২৩ বিজিবি ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের সময় টহলদল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে তাদের ধাওয়া দেয়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশি পিস্তল, ১৪টি গুলি এবং আরও কিছু সামগ্রী উদ্ধার করে বিজিবি। ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় আট থেকে দশ মিনিট ধরে থেমে থেমে এই গোলাগুলি চলে। একপর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবির অধিনায়ক আরও জানান, যামিনীপাড়া ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলোতে নজরদারি জোরদার করেছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।




