তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা জেলার পুলিশ একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে হত্যার ঘটনায় দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে। অর্থের লোভ ও বিলাসী জীবনযাপনের নেশায় তারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। নিহত কাল্লু রুপা রেড্ডি (৪৮) কোন্ডামাল্লেপল্লির নাগার্জুনা পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালক ছিলেন। গত ১২ আগস্ট সকালে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, যেখানে শরীরের বিভিন্ন স্থানে ২৭টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
ঘটনার সময় রুপা রেড্ডির স্বামী রাজ্যের রাজধানী হায়দরাবাদে ছিলেন। স্ত্রীর ফোন না পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। ঘটনা উদঘাটনে পুলিশ পাঁচটি পৃথক দল গঠন করে। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ, আঙুলের ছাপ ও কারিগরি তথ্য বিশ্লেষণের পাশাপাশি ৮০ জনের বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তের এক পর্যায়ে পুলিশ গুরুত্বপূর্ণ একটি সূত্র পায়। জানা যায়, ফোন বন্ধ হওয়ার আগে রুপা রেড্ডি তাঁর আত্মীয়ের সঙ্গে কথোপকথনে ‘বাবু’ শব্দটি উচ্চারণ করেছিলেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শরৎ চন্দ্র পাওয়া বলেন, ফোনে রেকর্ড হওয়া তাঁর শেষ শব্দটি ছিল ‘বাবু’। এই সূত্র ধরেই তদন্তকারীদের নজর স্কুলের ছাত্রদের দিকে যায়। পরে দশম শ্রেণির পাঁচজন ছাত্রকে শনাক্ত করা হয়, যারা হত্যার দিন স্কুলে অনুপস্থিত ছিল। জিজ্ঞাসাবাদে দেখা যায়, তাদের মধ্যে দুজন সম্প্রতি অস্বাভাবিক রকমের ব্যয় করছে এবং পার্টি করছে। বুধবার সকালে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে।
পুলিশ জানায়, হোস্টেলের ব্যাগে নগদ টাকা ও মোবাইল ফোন পাওয়ার পর রুপা রেড্ডি ওই দুই ছাত্রকে শাসন করেছিলেন এবং তাদের অভিভাবকদেরও বিষয়টি জানানো হয়েছিল। এরপর তাদের হোস্টেল থেকে সরিয়ে বাসা থেকে স্কুলে আসা-যাওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশের ধারণা, এই শাস্তির জেরেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল।
অভিযুক্তরা পাঁচ দিন ধরে চুরির পরিকল্পনা করে এবং রুপা রেড্ডির বাড়ির আশপাশ ঘুরে দেখে। পরিচয় লুকাতে তারা গ্লাভস কেনে এবং ছুরি সংগ্রহ করে। হত্যার দিন এক ছাত্র মুখ ঢাকার টুপি ও গ্লাভস পরে ঘরে ঢোকে। শোবার ঘরে রাখা আড়াই লাখ রুপি পেয়ে সে পালানোর চেষ্টা করলে তার টুপিটি পড়ে যায় এবং রুপা রেড্ডি তাকে চিনে ফেলেন। ধরা পড়ার ভয়ে সে ছুরি দিয়ে ২৭ বার আঘাত করে। পরে রক্তমাখা কাপড় ও টুপি মাটিতে পুঁতে প্রমাণ নষ্টের চেষ্টা চালায় তারা এবং গোয়া ভ্রমণে চলে যায়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ১ লাখ ৫৪ হাজার রুপি, একটি আইফোন ও রুপা রেড্ডির ফোন উদ্ধার করেছে। তদন্তে আরও জানা গেছে, পরিকল্পনার আগে তারা অনলাইনে ‘কীভাবে দ্রুত টাকা আয় করা যায়’ খুঁজেছিল।



