ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের বরাত দিয়ে জানা গেছে, নতুন চুক্তির প্রস্তাবে কোনো সমনঝোতা না হলে বর্তমান গ্রীষ্মকালীন দলবদলের মাধ্যমেই ভিনিসিয়ুসকে ছেড়ে দিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা। ক্লাবটি তাদের পেশ করা সর্বশেষ আর্থিক অঙ্ক আর বাড়াবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’র রিপোর্ট অনুযায়ী, রিয়াল ইতিমধ্যে ভিনিসিয়ুসের এজেন্টদের জানিয়ে দিয়েছে যে তাদের দেওয়া সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত এবং এ নিয়ে আর কোনো আলোচনায় তারা বসবে না। যদি ব্রাজিলিয়ান উইঙ্গার এই প্রস্তাবটি গ্রহণ করেন, তাহলে তার চুক্তির মেয়াদ বাড়বে। আর যদি তা গ্রহণ না করা হয়, তবে চলতি দলবদল মৌসুমেই তাঁর বিদায়ের পথ সহজ করবে ক্লাবটি।
রিয়ালের এই কঠোর মনোভাবের পেছনে মূল উদ্দেশ্য হলো, ভিনিসিয়ুস যাতে চুক্তির শেষ বছরে পা দিয়ে পরবর্তী সময়ে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়ে যেতে না পারেন, তা নিশ্চিত করা। যদিও ২৬ বছর বয়সী এই খেলোয়াড় তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষ করে আগামী সোমবার রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে প্রাক্-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকলেও, তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দীর্ঘদিন ধরেই চলছে। প্রায় দুই বছর ধরে চুক্তি নবায়নের আলোচনা চললেও, ব্রাজিলের সংবাদমাধ্যম 'গ্লোবো'র তথ্য অনুসারে, দুই পক্ষের মধ্যে মূল বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে 'সাইনিং বোনাস'। বেতন নিয়ে তেমন কোনো অমিল না থাকলেও, পাঁচ বছরের চুক্তির মোট আর্থিক অঙ্ক নিয়ে মতবিরোধ থেকেই যাচ্ছে।
ভিনিসিয়ুসের বার্ষিক আয় বর্তমানে বোনাসসহ প্রায় ১ কোটি ৮৫ লাখ ইউরো, যা রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নির্ধারিত সর্বোচ্চ বেতনসীমা ২ কোটি ইউরোর কাছাকাছি। ফলে বেতন বৈষম্য সমস্যার কারণ নয়। তবে রিয়ালের যুক্তি, বর্তমান চুক্তির অধীনে থাকা খেলোয়াড়দের সাইনিং বোনাস ফ্রি ট্রান্সফারে আসা কিলিয়ান এমবাপ্পের মতো তারকার চেয়ে কম হওয়া উচিত। অন্যদিকে, ভিনিসিয়ুসের প্রতিনিধিদের যুক্তি, বাজারে তার সমতুল্য কোনো বিকল্প খুঁজতে রিয়ালকে যে ব্যয় করতে হত, তার তুলনায় তাদের দাবি অনেক কম।
এদিকে, ভিনিসিয়ুসকে পাওয়ার দৌড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইএসপিএন জানিয়েছে, ভিনিসিয়ুস রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে টানার বিষয়ে তারা আগ্রহী। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সাথে এখনও কোনোরূপ যোগাযোগ স্থাপিত হয়নি।
এদিকে, চলতি দলবদলের বাজারে রিয়াল বেশ সক্রিয়। ইতিমধ্যে ফরোয়ার্ড কার্লোস এস্পি ক্লাবের হয়েছে এবং আইভরি কোস্ট তারকা ইয়ান দিওমান্দেও দ্রুত যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। নতুন কোচ জোসে মরিনিওর পরিকল্পনার আওতায় আক্রমণভাগে ভিনিসিয়ুসের বিকল্প তৈরি হয়ে গেলে, চুক্তি সংক্রান্ত এই টানাপোড়েনের জেরে ভিনিসিয়ুসের বেঞ্চে বসে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।




