যুক্তরাষ্ট্র বাংলাদেশের আবাসন খাতের উন্নয়নে অংশীদার হতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। বুধবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে কথা বলেন তারা।
বৈঠকে বাংলাদেশের হাউজিং সেক্টর, জাতীয় বিল্ডিং কোড, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সস্তায় আবাসনের ব্যবস্থা এবং পাবলিক প্লেস ও পার্কের উন্নয়ন—এসব দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রদূত জানান, তাঁর দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে ইচ্ছুক।
অপরদিকে, মন্ত্রী জাকারিয়া তাহের ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর প্রসঙ্গ তোলেন। তিনি 'বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট' প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্যের আশ্বাস দেন।
বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের কর্মকর্তারা।
এই সাক্ষাৎকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।




