আগামীকাল শনিবার, ১ আগস্ট, রাজধানীর কারওয়ান বাজারে একটি বিশেষ বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হতে চলেছে। দেশের জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা এই আয়োজনের আয়োজক। বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রগতি ভবনের ১০ তলায় অবস্থিত প্রথম আলো কনফারেন্স রুমে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে।

‘মহাবিশ্বের জ্যামিতি: এলিমেন্টস, নন-ইউক্লীডিয় জ্যামিতি এবং রিলেটিভিটি’ শিরোনামের এই বক্তৃতায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞানবক্তা আসিফ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ও লেখক ফারসীম মান্নান মোহাম্মদী। এছাড়াও আলোচনায় অংশ নেবেন রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব এবং সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক সফিক ইসলাম। তারা সহজ ও সরল ভাষায় ইউক্লিডের জীবন, তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টসের ইতিহাস, সেই বইয়ের অসাধারণ সব ধারণা, মজার গল্প, বিখ্যাত উপপাদ্য এবং বর্তমান বিশ্বে এর প্রভাব নিয়ে আলোচনা করবেন।

শুধু বক্তৃতাই নয়, এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য প্রশ্ন করার সুযোগও থাকবে। ইউক্লিড, জ্যামিতি বা গণিত নিয়ে যে কারও প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই অনুষ্ঠানে। উপস্থিত দর্শকদের জন্য থাকবে কুইজ প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গণিতকে নতুন চোখে দেখার, রিলেটিভিটির পেছনের গাণিতিক ভিত্তি বোঝার এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী বইয়ের গল্প জানার এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনায় থেলিস, পিথাগোরাস থেকে শুরু করে নন-ইউক্লিডীয় জ্যামিতি, স্থান-কালের বক্রতা এবং রিলেটিভিটির গল্পও উঠে আসবে বলে জানা গেছে।