প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব গত শনিবার (৮ আগস্ট) একযোগে ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে অনুষ্ঠিত হয়েছে। চার শহরের প্রায় ৮০০ প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১৮০ জন।
রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা পর্বে ৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে ১২৮ জন নির্বাচিত হন। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চট্টগ্রাম পর্বে ১১৫ জনের মধ্যে ২৭ জন, রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে ৪৪ জনের মধ্যে ১২ জন বিজয়ী হন।
প্রতিযোগিতাটি অলিম্পিয়াড ও কুইজ — এই দুটি ভাগে বিভক্ত ছিল। অলিম্পিয়াডে গণিত ও বিজ্ঞান বিষয়ে অংশগ্রহণের সুযোগ ছিল। সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের রিপোর্টিং শুরু হয় এবং সকাল ৯টায় মূল পরীক্ষা শুরু হয়।
ঢাকার আয়োজনে পরীক্ষা শেষে ছিল দিনভর নানা আকর্ষণ। সুমোবট ফাইট, পাপেট শো, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিকেল ৩টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মূল পর্ব শেষ হয়। বিকেল ৪টায় বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় দিকনির্দেশনামূলক অধিবেশন। অপরদিকে, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে পরীক্ষা শেষে অ্যাক্টিভিটি সেশনের পর দুপুর ২টায় ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি।
নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ১১-২০ আগস্ট পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে জাতীয় ক্যাম্প। গণিতের দল নির্বাচনী পরীক্ষা ২১ আগস্ট এবং বিজ্ঞানের পরীক্ষা ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। এই ধাপগুলো পেরিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হবে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল। আগামী ২-৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসওতে বাংলাদেশের ১২ সদস্যের দল শতভাগ সাফল্য অর্জন করে ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়েছিল।
বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি ও রিফ্লেক্টিভ টিনস। আয়োজন ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে bdmso.org ওয়েবসাইটে।




