পদত্যাগ করে বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার বেলা ২টা ২৫ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন ত্যাগ করেন। এর আগে শুক্রবার নিজের পদ থেকে ইস্তফা দেন সাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পৌনে দুই বছর আগেই তিনি পদ ছাড়েন। বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান সাহাবুদ্দিন। তা হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান স্পিকার। একইসঙ্গে তিনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
এর পরের দিন, রোববার বেলা ১১টা ৪০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ১১টা ৪৭ মিনিটে প্রাঙ্গণ ত্যাগ করেন।
পরিদর্শন বইয়ে নিজের মন্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লেখেন, ‘জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাঁদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’ তিনি আরও লেখেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব—এই প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহ তাআলা আমাদের বীর শহীদদের রুহের মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।’
এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।




