দেশের চলমান বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে বন্ধের দাবি জানিয়েছে তিনটি ছাত্রসংগঠন। পৃথক বিবৃতি ও মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন এ আহ্বান জানায়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ বিবৃতিতে বলা হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। বন্যায় সাত জেলায় ২ লাখ ৬৭ হাজারের বেশি পরিবার পানিবন্দী এবং ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে, নিরাপত্তা ও যাতায়াতের চরম সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় পরীক্ষা চালু রাখা শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ সৃষ্টি করবে এবং মেধার সঠিক মূল্যায়নে বাধা সৃষ্টি করবে বলে সংগঠনটি মনে করে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে পরবর্তী সময়ে নতুন সূচি ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে, প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষা চলমান রাখায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ প্রধান শহরগুলো প্লাবিত হয়ে পড়েছে এবং বহু পরীক্ষাকেন্দ্র বন্যার পানিতে তলিয়ে গেছে বা আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থীর ঘরবাড়ি ও শিক্ষাসামগ্রী বন্যায় নষ্ট হয়ে গেছে, তাদের পক্ষে এ মুহূর্তে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় গ্রামের শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এতে মেধা মূল্যায়নে বৈষম্য সৃষ্টি হবে বলে সংগঠনটি অভিমত প্রকাশ করে। জাতীয় ছাত্রশক্তি দাবি করে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশব্যাপী পরীক্ষা অবিলম্বে স্থগিত করে পরে নতুন সময়সূচি ঘোষণা করাই সবচেয়ে মানবিক সিদ্ধান্ত।
একই প্রেক্ষাপটে, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন আয়োজন করে। ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমিন রহমানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন বলেন, দীর্ঘদিনের উন্নয়ন পরিকল্পনায় প্রকৃতি ও পরিবেশকে অবহেলা করায় প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তিনি বন্যা মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা সাময়িক স্থগিতের দাবির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় কাঠামো প্রাকৃতিক সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দেন।
শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সমতা নিশ্চিত করতে বিবৃতিগুলোতে একযোগে পরীক্ষা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারের প্রতি বন্যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

