প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ট্রাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ২৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। আগের ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হওয়ার হতাশা কাটিয়ে আজ ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দলটি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা পেয়েছিল দুর্দান্ত শুরু। দুই ওপেনার লুডভিগ শুল্ড ও জেসন মিউরহেড মিলে ১৪৮ রানের জুটি গড়েন। পেসার রোহনাত দৌল্লা ৭১ বলে ৭২ রান করা শুল্ডকে ক্যাচ ফেরানোর পর ২৭তম ওভারে এসে ইকবাল হোসেন মিউরহেডকে আউট করেন। ৭৩ বলে ৭৯ রান করা মিউরহেড ফিরলে বাংলাদেশ খেলায় ফিরে আসে।
১৯ বছর বয়সী পেসার ইকবাল হোসেন দলের জয়ের নায়ক। তিনি ১০ ওভার বোলিং করে ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। তার নেতৃত্বে ৪৭ ওভারেই ২৪৮ রানে অলআউট হয়ে যায় ইউনিভার্সিটি স্পোর্ট।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরটাও ভালো হয়নি। অধিনায়ক ও ওপেনার জাকির হাসান ১৪ বলে ১২ রান করে ফেরেন। তিনে নামা শাহাদাত হোসেন আউট হন ১২ বলে ১৮ রান করে। আরেক ওপেনার মাহিফজুল ৩৯ বলে ৩৪ রান করতে সক্ষম হন। ১২.২ ওভারে ৮০ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম। দুজন মিলে ১০৬ রানের জুটি গড়েন। বৃষ্টি নামলে ৩৬ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে। ইফতেখার ৮৬ বলে সর্বোচ্চ ৭১ রান এবং মাহিদুল ৬৮ বলে অপরাজিত ৩৮ রান করেন। এরপর আর খেলা শুরু না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ২৬ রানে জয়ী হয়।
আগামী ৭ আগস্ট নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং আবারও ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকার মুখোমুখি হবে।



