২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে সেই পরাজয় সত্ত্বেও দলটিকে ইতিহাসের সেরা আর্জেন্টিনা দল হিসেবে বর্ণনা করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এএফএর স্পনসর ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। তাপিয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের ধারাবাহিক সাফল্যই তাদের এই মর্যাদা এনে দিয়েছে। তিনি স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যদের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন। স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার মতো চারটি বড় শিরোপা জিতেছে। টানা পাঁচটি বড় ফাইনালের মধ্যে চারটিতেই জয় এসেছে তাদের। তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খেলে চারটিতে জয়—আমার মনে হয়, এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। তারা ফলাফল দিয়ে এর প্রতিনিধিত্ব করেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারলেও তাদের পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত। এই ছেলেরা আমাদের পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছে, এতে আমরা খুবই আনন্দিত।’ এছাড়া ২০২৬ বিশ্বকাপের কঠিন সূচি ও ভিন্ন পরিবেশের কথাও উল্লেখ করেন এএফএ সভাপতি। তাঁর ভাষায়, ‘এবারের বিশ্বকাপে দলের সংখ্যা ছিল বেশি, ম্যাচও ছিল অনেক বেশি। সময়ের পার্থক্যসহ নানা চ্যালেঞ্জ ছিল। তবু এ দলটি দীর্ঘদিন ধরে যেভাবে নিজেদের মান ধরে রেখেছে, এবারও সেটিই করেছে।’ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন দেওয়া শতাধিক ব্র্যান্ডকে নিয়ে এই স্পনসর ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালাসহ কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও গোয়কোচেয়া। এএফএর পক্ষে সভাপতি ক্লদিও তাপিয়া এতে অংশ নেন।