২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। প্রশ্নগুলো শিক্ষার্থীদের পুষ্টি, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড ও খনিজ উপাদান সম্পর্কিত মৌলিক ধারণা পরিষ্কার করতে সহায়তা করবে।
প্রথম প্রশ্নে ব্যাখ্যা করতে বলা হয়েছে কেন আমরা মাছ, মাংস ও ডিম খাই। উত্তরে বলা হয়েছে, এগুলো শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এতে প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা শারীরিক বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে। প্রাণিজ প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বেশি থাকায় এর পুষ্টিগুণ বেশি।
দ্বিতীয় প্রশ্নে মানবদেহে ভিটামিন 'সি'-এর কাজ জানতে চাওয়া হয়েছে। উত্তর অনুযায়ী, ভিটামিন 'সি' ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করে মজবুত গঠন তৈরি করে। এটি দাঁত ও মাড়ি শক্ত রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে এবং শরীরের ক্ষতস্থান দ্রুত নিরাময় করে।
তৃতীয় প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে কেন ৮টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় বলা হয়। উত্তরে বলা হয়েছে, ২০টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আটটিই মানবদেহ নিজে তৈরি করতে পারে না বা পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারে না। তাই খাদ্যের মাধ্যমেই এগুলো গ্রহণ করতে হয়, এ কারণেই এগুলো অত্যাবশ্যকীয়।
চতুর্থ প্রশ্নে খাদ্যপ্রাণ বা ভিটামিনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। উত্তর অনুযায়ী, ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধনসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়। এটি দেহের বিভিন্ন আবরণী কলাকে সজীব ও সুস্থ রাখে এবং অস্থি, দাঁত, মাড়ির গঠন ঠিক রাখে। এছাড়া স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক, প্রজননসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে ভিটামিন প্রয়োজন।
পঞ্চম প্রশ্নে মানবদেহে লৌহের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে। উত্তরে বলা হয়েছে, লৌহ রক্তের প্রধান উপাদান। এটি রক্তে হিমোগ্লোবিন তৈরির মূল কাঁচামাল হিসেবে কাজ করে। এই হিমোগ্লোবিন ফুসফুসীয় অক্সিজেন শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয়, যা বিপাকীয় প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এছাড়া লৌহ দেহে প্রয়োজনীয় শক্তি উৎপাদন ও পেশির কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।
প্রশ্নোত্তরগুলো প্রণয়ন করেছেন মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা।




