মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দুমিয়াতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি। বুধবার ঘটনার একটি প্রাথমিক মূল্যায়ন উদ্ধৃত করে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। খবর আল আরাবিয়ার।
মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় দুমিয়াত বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়ে কিছু জানায়নি। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বন্দর ও জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি ইঞ্চকেপ পৃথক বার্তায় জানিয়েছে, দুমিয়াত বন্দরে দুটি গ্যাস ট্যাংকারে আগুন লেগেছে।
ঘটনা সম্পর্কে অবগত তিনটি বাণিজ্যিক সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে, ড্রোনটি বন্দরে থাকা মার্কিন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট ‘এনার্জোস উইন্টার’ গ্যাস ট্যাঙ্কার জাহাজটিতে আঘাত হানে। এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং তা পাশে থাকা বারমুডার পতাকাবাহী এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার ‘গ্যাসলগ সালেম’-এ ছড়িয়ে পড়ে।
পৃথক দুই নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেটিকে ড্রোনের আঘাত বলে মূল্যায়ন করা হচ্ছে। এই ঘটনা পশ্চিম এশিয়ার সংঘাত আরও বিস্তারের ইঙ্গিত বহন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
এনার্জোস উইন্টারের এলএনজি ধারণ ক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ২৫০ কিউবিক মিটার। ট্যাঙ্কারটির মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনার্জোস ইনফ্রাস্ট্রাকচার। এর প্রযুক্তিগত, নিরাপত্তা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে উইলহেল্মসেন শিপ ম্যানেজমেন্ট, যা একটি মার্কিন কোম্পানি।
মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুমিয়াত বন্দরে পুনঃগ্যাসীকরণ ইউনিট জাহাজ ও একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ জাহাজে আগুন লাগার পর অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা টিম অনুমোদিত জরুরি পদক্ষেপের অধীনে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করে। বিবৃতিতে আরও বলা হয়, মিশরের পেট্রলিয়াম মন্ত্রী কারিম বাদাউই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি যাচাই করেছেন। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি এবং কারিগরি দলগুলো ক্ষয়ক্ষতি ও ঘটনার প্রভাব মূল্যায়ন করছে।




