দেশের ১২টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা দলীয় পদধারী বলে জানিয়ে তাদের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে ‘জুলাই শ্রমিক জাগরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি এই আয়োজন করে। তিনি বলেন, ‘যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেখানে সরকার যদি দলীয় পদধারী নেতা-কর্মীদের দেয়, তাহলে দেশে গণতন্ত্রের কোনো অস্তিত্ব থাকে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ এনসিপি নেতা আরও অভিযোগ করেন, স্থানীয় সরকারের নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত সব স্তরে ক্ষমতাসীন বিএনপির দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হচ্ছে। তিনি বলেন, দলীয়ভাবে সবকিছু দখলে নিতেই তারা এসব কার্যক্রম চালাচ্ছে। জুলাই গণ–অভ্যুত্থানের সময় রিকশাচালকদের স্লোগান দেওয়ার ভিডিও দেখে তিনি সাহস পেয়েছিলেন উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘কিন্তু শ্রমিক শ্রেণির মানুষের নাগরিক অধিকার ও ন্যূনতম মানবিক মর্যাদা এখনো নিশ্চিত হয়নি। পুরো দেশ যদি গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত না হয়, তাহলে শ্রমিক শ্রেণিসহ কারও পক্ষে এগোনো সম্ভব নয়। বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিকভাবে পরিচালনার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হচ্ছে না। আমরা গণভোটে অংশ নিয়ে প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক পরিচালনার দাবি জানিয়েছিলাম, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে গণভোটের রায় এখনো বাস্তবায়ন করেনি।’ অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা চুপ্পুর (রাষ্ট্রপতির ডাকনাম) অপসারণ দাবি করেছিলাম, কিন্তু আপনারা তাঁকে অভিশংসন না করে পদত্যাগের সুযোগ দিয়েছেন, সংসদে ভাষণ দেওয়ার সুযোগ দিয়েছেন। আপনাদের হৃদয়ে অপরাধবোধ থাকলে তাঁকে গ্রেপ্তার করে পাপমোচনের চেষ্টা করুন।’ তিনি আরও বলেন, সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা নস্যাৎ করছে এবং একদলীয় শাসন কায়েম করতে সব স্তরে দলীয় প্রতিনিধি বসাচ্ছে, যাতে তারা লুটপাট করতে পারে। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, রিকশা-ভ্যান শ্রমিকেরা জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নিয়ে আহতদের বিনা ভাড়ায় হাসপাতালে নিয়ে গেছেন। তাঁদের স্বীকৃতি ও মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক শক্তির নেতা তৌফিকউজ্জামান পীরাচা। আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, যুব সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম, রিকশাচালক ফরিদুল ইসলাম প্রমুখ। বিভিন্ন খাতের শ্রমিকেরা নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ‘জাতীয় রিকশা–ভ্যান চালক শক্তি’ নামে নতুন সংগঠনের ঘোষণা দেন আখতার হোসেন। শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ও সদস্যসচিব ঋআজ মোর্শেদকে পাশে রেখে এই ঘোষণা দেওয়া হয়। নতুন সংগঠনটি এনসিপির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। এর প্রথম কমিটিতে সভাপতি হিসেবে ফয়সাল আহমেদ ও সদস্যসচিব মো. ওবায়দুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
দলীয় নেতাদের নিয়োগে গণতন্ত্র বিপন্ন হবে, দাবি এনসিপি নেতার
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন সরকারের ১২টি প্রতিষ্ঠানে দলীয় পদধারীদের চুক্তিভিত্তিক নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এতে গণতন্ত্রের অবশিষ্ট কিছু থাকে না। এছাড়া সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির নেতা হান্নান মাসউদ। অনুষ্ঠানে ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’ নামে নতুন সংগঠনের ঘোষণা দেওয়া হয়।




