রাজধানীর যানজট নিরসনে নতুন উদ্যোগ হিসেবে শাহবাগ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেতব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ঢাকার যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি বিশেষ পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই আধুনিক ব্যবস্থা চালু করা হলো।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহযোগিতায় এই সংকেতব্যবস্থা স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, যানজটের কারণে নগরবাসীর প্রতিদিনের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা যান চলাচলকে আরও নিয়মতান্ত্রিক এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, চলতি বছরের কয়েক মাসের মধ্যে রাজধানীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাইলট প্রকল্পের প্রথম ধাপে শাহবাগ ছাড়াও ডিএসসিসি এলাকার আরও ২২টি মোড়ে স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা স্থাপনের কাজ চলছে। প্রশাসক আবদুস সালাম উল্লেখ করেন, স্বয়ংক্রিয় ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর হয়ে গেলে মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আর সার্বক্ষণিক দাঁড়িয়ে হাতে সংকেত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে না।
নতুন এই ব্যবস্থা টেকসই করতে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে অবৈধ পার্কিং বন্ধের পাশাপাশি রোড মার্কিং, জেব্রা ক্রসিং এবং নির্দিষ্ট লেন অনুসরণের আহ্বান জানানো হয়েছে। মোড়ের আশপাশে ভাসমান দোকান বা অন্য যেকোনো ধরনের প্রতিবন্ধকতা না রাখারও অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্টদের।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও মুহাম্মদ হাদিউজ্জামান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান।




