বাংলাদেশের ডিজিটাল শিক্ষার অগ্রযাত্রায় নতুন অধ্যায় যুক্ত হলো। রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মুডল মুট সম্মেলন, যা ওপেন সোর্স শিক্ষা প্ল্যাটফর্ম মুডলের বৈশ্বিক এই সম্মেলনের আয়োজক দেশগুলোর তালিকায় বাংলাদেশকে স্থান দিয়েছে। গত শনিবার মহাখালীর ব্রেইন স্টেশন ২৩-এর কার্যালয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শিখনব্যবস্থার বৃহৎ পরিসরের রূপান্তর’। দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, শিক্ষক, প্রশিক্ষণ ব্যবস্থাপক, প্রযুক্তি উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধনী পর্বে ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবীর স্বাগত বক্তব্য রাখেন। মুডলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট অ্যান্ডারবার্গ ভিডিও বার্তায় অংশ নিয়ে এআই কীভাবে মুডল প্ল্যাটফর্মে একীভূত হয়ে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ও কর্মী প্রশিক্ষণ কার্যকর করছে, তা তুলে ধরেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, সঠিক ডোমেইন জ্ঞান ও প্রস্তুতি ছাড়া এআই ব্যবহার বুদ্ধিবৃত্তিক সমর্পণের কারণ হতে পারে। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের সাবধান থাকার পরামর্শ দেন তিনি।
ফিলিপিনের নেফিলা ওয়েব টেকনোলজির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিল ভিলারোমান দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুডলভিত্তিক শিক্ষা ব্যবস্থার সফল অভিজ্ঞতা তুলে ধরেন। অপরদিকে ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এআই সক্ষম শিখন অবকাঠামো তৈরির প্রযুক্তিগত দিক, বিদ্যমান এলএমএসে এআই যুক্ত করার কৌশল, তথ্যনিরাপত্তা ও মাপযোগ্য অবকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। করপোরেট খাতের প্রতিনিধি হিসেবে আরএকে সিরামিকসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন তাঁর উপস্থাপনায় উল্লেখ করেন, কর্মীদের দক্ষতা উন্নয়ন, ধারাবাহিক প্রশিক্ষণ ও মূল্যায়নে এআই নতুন সম্ভাবনা তৈরি করছে। মুডলের মতো এআই-সমৃদ্ধ সিস্টেম মাঝারি ও বড় প্রতিষ্ঠানের জন্য এখন দক্ষতা উন্নয়নে আরও বেশি সুযোগ এনে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে সিলেট থেকে আসা মুডল ডেভেলপার সাকিব হাসান জানান, নিয়মিত এ ধরনের সম্মেলন মুডল ডেভেলপারদের দক্ষতা বাড়াতে ও নতুন সুযোগ তৈরি করতে সহায়ক হবে। ‘এআই শিখুন’ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আবদুল্লাহ আল ফাহিম বলেন, এই সম্মেলন থেকে ভবিষ্যতের পথচলার জন্য বেশ কিছু বিষয় স্পষ্ট হয়েছে। সম্মেলনের বিভিন্ন পর্বে লিংক থ্রি টেকনোলজিসের পরিচালক রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক শফিউল আলম খান, ভেঞ্চার স্টুডিও বিশেষজ্ঞ প্রকৌশলী আদিল ফয়সল ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান আলোচনায় অংশ নেন।
সমাপনী অধিবেশনে মুডলের টেকনিক্যাল আর্কিটেক্ট এ কে এম সাফাত মুডলভার্সের ভবিষ্যৎ ও আগামী দিনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। এ সময় বিশ্বব্যাপী মুডল ডেভেলপারদের জন্য নির্দেশনাও প্রদান করেন তিনি। মুডলের এশিয়া-প্যাসিফিক ও কানাডা অঞ্চলের চ্যানেল ম্যানেজার ম্যাক্স এসপ্লে মুডলের সম্প্রসারণ ও বিভিন্ন দেশে স্থানীয় অংশীদারদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আয়োজক প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩-এর এসবিইউ প্রধান তাহমিনা খান জানান, বাংলাদেশে প্রথমবারের মতো মুডল মুট আয়োজন শুধু একটি সফল সম্মেলন নয়, বরং দেশের ডিজিটাল শিক্ষা আন্দোলন, এআইনির্ভর দক্ষতা উন্নয়ন ও ওপেন সোর্স এডটেক ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।




