ভারতের প্রেক্ষাগৃহে বর্তমানে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে বলিউডের তিনটি বড় ছবি—অজয় দেবগনের ‘ধামাল ৪’, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং আলিয়া ভাটের ‘আলফা’। পাশাপাশি ভালো ব্যবসা করছে হলিউডের হরর চলচ্চিত্র ‘ইভিল ডেড বার্ন’। তবে এই চার ছবির মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ‘ধামাল ৪’। অন্যদিকে ‘আলফা’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর উপার্জন ধীরে ধীরে কমছে।
ইন্দ্র কুমার পরিচালিত ‘ধামাল ৪’-এ অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ ও ঈশা গুপ্তা। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য দেখিয়ে যাচ্ছে। গত বুধবার এটি আয় করেছে ৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৯ কোটি ৭৫ লাখ রুপি। ১০ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি চলতি সপ্তাহের মধ্যেই ১০০ কোটি রুপির ক্লাবে পৌঁছে যাবে বলে আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
অন্যদিকে, আলিয়া ভাট, শর্বরী বাগ, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ‘আলফা’র আয় ধারাবাহিকভাবে কমছে। শিব রাওয়েল পরিচালিত যশরাজ ফিল্মসের এই নারীকেন্দ্রিক স্পাই থ্রিলারটি বুধবার মাত্র ৬০ লাখ রুপি আয় করেছে। এর ফলে ছবিটির মোট আয় এখন ৫৫ কোটি ৮০ লাখ রুপি। ‘আলফা’ মুক্তি পেয়েছিল ৩ জুলাই।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর অবস্থাও খুব একটা ভালো নয়। অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেছে, ফলে দৈনিক আয় লাখের ঘরে নেমে এসেছে। আহমেদ খান পরিচালিত ছবিটি বুধবার আয় করেছে ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এর মোট আয় ১৩১ কোটি ৩৫ লাখ রুপি। এখন দেখার বিষয়, ‘ধামাল ৪’ শেষ পর্যন্ত এই ছবির মোট আয় ছাড়িয়ে যেতে পারে কি না।
বলিউডের ছবিগুলোর পাশাপাশি দর্শক টানছে হলিউডের হরর ছবি ‘ইভিল ডেড বার্ন’ও। ১০ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি বুধবার আয় করেছে ১ কোটি ৮৫ লাখ রুপি। এখন পর্যন্ত এর মোট আয় ১৯ কোটি ৩০ লাখ রুপি। কম বাজেটের হরর ছবি হিসেবে বক্স অফিসে এটি ইতিবাচক অবস্থান ধরে রেখেছে।


