পাঞ্জাবি সিনেমার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও বলিউডে বর্তমানে স্বতন্ত্র এক স্থান করে নিয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল। তাঁর সহজ-সরল স্বভাব, উচ্ছল উপস্থিতি ও অধ্যবসায় অল্প সময়ের মধ্যেই তাকে বিপুল দর্শকপ্রিয়তা এনে দিয়েছে। রিয়ালিটি শো 'বিগ বস ১৩'-এ অংশ নেওয়ার পর গোটা দেশে পরিচিত মুখ হয়ে ওঠা এই তারকা এখন তার নতুন পাঞ্জাবি সিনেমা 'ইশকনামা' ঘিরে সংবাদের শিরোনামে। এক দুঃসাহসী তরুণীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবিটি গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে এসেছে।
অরবিন্দ এস খাইরার পরিচালনায় নির্মিত পিরিয়ড রোমান্টিক নাট্যধর্মী 'ইশকনামা'য় শেহনাজের বিপরীতে রয়েছেন জে রন্ধওয়া। এই সিনেমায় তিনি নাসিমা নামের একজন পাকিস্তানি তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন। ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকার পটভূমিতে নির্মিত ছব্যটির আখ্যান ভালোবাসা, বিচ্ছেদ ও আত্মোৎসর্গের আবেগীয় কাহিনি তুলে ধরে। চরিত্রটি প্রসঙ্গে শেহনাজ বলেছেন, 'নাসিমা অত্যন্ত সাহসী ও দৃঢ় মানসিকতার এক মেয়ে। এটি একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্র। দর্শক আমাকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখবে। প্রেমের জন্য সে যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত।'
নিজের ব্যাক্তিগত জীবন সম্পর্কে শেহনাজ গিল খুবই কম কথা বলেন। বিশেষত রোমান্টিক সম্পর্ক নিয়ে তিনি চিরকালই সতর্ক থেকেছেন। কিন্তু সম্প্রতি একটি পডকাস্টে তিনি অকপটে জানান, তার জীবনাবলম্বনে যদি কখনও চলচ্চিত্র নির্মিত হয়, তবে তা দর্শকদের ভীষণভাবে টানবে। শেহনাজ বলেন, 'আমার জীবনে অজস্র উইত্থান-পতন এসেছে। এমন বহু বিষয় আছে, যা মানুষ জানে না। তাই আমার কাহিনী দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।'
প্রেমের ব্যাপারে প্রশ্ন করলে এই অভিনেত্রী মন্তব্য করেন, 'আমি প্রেমে বিশ্বাসী। কিন্তু আমি চাই সম্পর্কটি সত্যি দীর্ঘস্থায়ী হোক। আমার কাছে পারস্পরিক সম্মান, বিশ্বাস আর ভালো বোঝাপড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' জীবনের নানা অভিজ্ঞতা তাকে অনেক বেশি পরিণত করেছে বলেও তিনি মনে করেন। তার ভাষায়, 'জীবনে যা যা ঘটেছে, সেসব আমাকে অনেক শিক্ষা দিয়েছে। এখন আমি আগের তুলনায় অনেক বেশি পরিণত। সম্পর্কের ক্ষেত্রেও বর্তমানে আমি অধিক সতর্ক।'
বিয়ে প্রসঙ্গে এই তারকা বলেছেন, 'এর পেছনে আমার কোন তাড়া নেই। যখন উপযুক্ত সঙ্গী খুঁজে পাব এবং মনে হবে সঠিক সময় এসেছে, তখনই নিশ্চয় বিয়ে করব।' ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে শেহনাজ বলেন, তার সম্পূর্ণ মনোনিবেশ এখন অভিনয়েই। তিনি আরও বলেন, 'মানুষ যাতে আমাকে একজন সফল অভিনেত্রী হিসেবে স্মরণ রাখে, এটাই আমার সর্বোচ্চ লক্ষ্য।' 'বিগ বস ১৩' খ্যাতি অর্জনের পর হিন্দি সিনেমা ও মিউজিক ভিডিওতে কাজ করে তিনি তার অবস্থান আরও মজবুত করেছেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে নানান নতুন পরিকল্পনা নিয়েও তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।




