ভারতের চলচ্চিত্র জগতে নিজের অবস্থান শক্ত করে নেওয়া অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন আজ, ৫ এপ্রিল। নিজের কাজের মাধ্যমে তিনি কেবল ভারত নয়, বিশ্বের নানা দেশেও দর্শকদের মন জয় করেছেন। ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী তাঁর সাফল্যের পথে কেবল সৌন্দর্য নয়, বরং অভিনয় প্রতিভাকেই প্রাধান্য দিয়েছেন বলে মনে করেন অনেকে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু রাশমিকার। ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তিনি। এরপর বেঙ্গালুরুর ‘লামোড টপ মডেল হান্টে’ ‘টিভিসি’ খেতাব অর্জন করেন। সেই সূত্রে নির্মাতাদের নজরে আসেন এবং ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।

২০১৮ সালে তেলেগু সিনেমায় পা রাখেন রাশমিকা। ‘গীতা গোবিন্দম’ সিনেমায় বিজয় দেবরাকোন্ডার বিপরীতে অভিনয় করে দারুণ সাফল্য পান। অপেক্ষাকৃত কম বাজেটের এই রোমান্টিক-কমেডি সিনেমাটি তরুণ দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পায়। এই জুটি আজও দর্শকদের কাছে বিশেষ স্থান ধরে রেখেছে।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ডিয়ার কমরেড’ সিনেমায় নারী ক্রিকেটারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন রাশমিকা। এখানেও তাঁর বিপরীতে ছিলেন বিজয় দেবরাকোন্ডা। পরবর্তী সময়ে ‘সারিলেরু নিকিভারু’, ‘ভীষ্ম’ ও তামিল সিনেমা ‘সুলতান’-এ অভিনয় করে ভালো সাড়া পান তিনি।

২০২১ সাল রাশমিকার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় শ্রীবল্লী চরিত্রে অভিনয় করে তুমুল পরিচিতি লাভ করেন তিনি। এই সিনেমায় তাঁর চরিত্রের পরিসর কম থাকলেও, ‘পুষ্পা ২: দ্য রুল’ দিয়ে সেই আক্ষেপ মিটিয়েছেন বলে মনে করেন অনেকে। আল্লু অর্জুনের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় ‘গীতা’ চরিত্রে নিজেকে ছাড়িয়ে যান রাশমিকা। সম্প্রতি ‘ছাবা’ সিনেমায় মহারানি ইয়েসুবাইয়ের চরিত্রে অভিনয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছেন। এই সিনেমায় তাঁর লুক ও অভিব্যক্তি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

রাশমিকার জনপ্রিয়তার পেছনে শুধু সৌন্দর্য নয়, বরং তাঁর সহজ-সাবলীল অভিনয়শৈলী ও চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলার ক্ষমতাকে কৃতিত্ব দেন অনেকে। সমালোচকদের মতে, কেবল বাহ্যিক সৌন্দর্য দিয়ে এত বন্ধুর পথ পাড়ি দেওয়া সম্ভব নয়, প্রয়োজন প্রতিভা ও পরিশ্রম। জন্মদিনে এই অভিনেত্রীকে নিয়ে আলোচনা তাই শুধু তারকাখ্যাতির নয়, বরং একটি সফল ক্যারিয়ারের গল্প।