কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি কারা সবচেয়ে শক্তিশালী মডেল তৈরি করছে, তা দিয়ে আর নির্ধারিত হচ্ছে না। বরং এখন প্রকৃত প্রভাব বিস্তার করছে সেই মডেলগুলো, যা সর্বস্তরের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত এবং সহজলভ্য। বর্তমানে এই ক্ষেত্রটিতে সবার উপরে রয়েছে চীন। দেশটির ওপেন-ওয়েট মডেল কৌশল বিশ্বব্যাপী এআই শিল্পে এক নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এআই উন্নয়নের ধারা মূলত বন্ধ ও মালিকানাধীন মডেলের ওপর কেন্দ্রীভূত থাকায় সেখানে একটি কৌশলগত দুর্বলতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এআই-এর ভবিষ্যৎ যুদ্ধ হবে শুধু বুদ্ধিমত্তার নয়, বরং প্রবেশাধিকার ও ব্যবহারের সুযোগের। চীন ওপেন সোর্স ও ওপেন-ওয়েট মডেলের মাধ্যমে এমন এক বাস্তুতন্ত্র গড়ে তুলছে, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তের গবেষক বা প্রতিষ্ঠান তাদের মডেল গ্রহণ ও পরিবর্তন করতে পারে। এর ফলে চীনের মডেলগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আরও বেশি ব্যবহারকারী ও ডেভেলপারকে নিজেদের প্ল্যাটফর্মে আটকে রাখতে পারছে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বন্ধ মডেলের চেয়ে চীনের উন্মুক্ত মডেল বেশি প্রভাবশালী হয়ে উঠছে। ফলে এআই শিল্পের নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ গঠনের ক্ষমতা ধীরে ধীরে চীনের দিকে সরে যাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে, যদি যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলে পরিবর্তন না আনে, তাহলে বৈশ্বিক এআই নেতৃত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে।