মার্কিন সামরিক সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আকর্ষণীয় আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, যেকোনো মার্কিন সেনাকে হত্যা অথবা জীবিত অবস্থায় আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। তবে এই কাজটি যদি কোনো নারী সম্পন্ন করেন, তাহলে তার জন্য বরাদ্দ করা হবে দ্বিগুণ অর্থ, অর্থাৎ ৬০ হাজার ডলার।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে। মেজর জেনারেল হাতামি আরও বলেন, এই আর্থিক সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে ব্যাপক সংখ্যক আবেদন জমা পড়ার পরই এমন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, মার্কিন সেনাদের লক্ষ্য করে এই অভিযানগুলো কখন বা কোথায় পরিচালিত হতে পারে, সে বিষয়ে সেনাপ্রধান কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। তবে বর্তমান প্রেক্ষাপটে ইরানের ভূখণ্ডে মার্কিন স্থলবাহিনীর কোনো উপস্থিতি বা মোতায়েনের তথ্য পাওয়া যায়নি। তবে গত এপ্রিল মাসে ইরানের অভ্যন্তরে একটি মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত হলে তার পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ইরানের সেনাপ্রধান কটূক্তি করেছিলেন এবং ট্রাম্পের 'পা ভেঙে' দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। তবে বর্তমান পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সংঘাত আরও উসকে দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।




