গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেছে পুলিশ সদর দপ্তর। একইসঙ্গে, প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার ওপরও জোর দেওয়া হয়েছে। বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশাবলি প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম। নির্দেশনায় তিনি উল্লেখ করেন, হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের তদন্ত নিবিড় পর্যবেক্ষণে রেখে দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, অপরাধের মাত্রা যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়।
ভার্চ্যুয়াল এই সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ের পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন রেঞ্জ ও জেলার প্রতিনিধিরা সংযুক্ত হন। পুলিশ সদর দপ্তর প্রান্ত থেকে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গত জুন মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলিসহ সার্বিক অপরাধ পরিস্থিতির বিশ্লেষণ করা হয়। এসময় ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ সম্পর্কিত মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মুলতবি থাকা গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারকার্যের ফলাফল এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।




