আকর্ষণীয় বড় পর্দা ব্যবহারের সুযোগ দিতে স্মার্টফোনের আকার বাড়ানোর প্রয়োজন হবে না — এমন ধারণা থেকেই কাজ শুরু করেছে টেকনো। ফলে নতুন প্রজন্মের বেজেলবিহীন একটি কনসেপ্ট ফোন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আগামী সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য 'আইএফএ' মেলায় এই ফোনটি প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেকনো বাংলাদেশ।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই কনসেপ্ট ফোনটির পর্দার চারপাশে কোনো ফ্রেম বা বর্ডার থাকবে না। ফোনের বহিরাঙ্গনের আকার ঠিক রেখে নকশায় পরিবর্তন আনার পাশাপাশি ব্যবহৃত হয়েছে উন্নত যন্ত্রাংশ, আধুনিক প্রযুক্তি এবং নতুন স্ক্রিন-প্যাকেজিং পদ্ধতি। এই উদ্ভাবনের ফলে ফোনটিতে ভিডিও দেখা, গেম খেলা এবং অনলাইনে তথ্য বা ছবি দেখার অভিজ্ঞতা অন্য যেকোনো সাধারণ ফোনের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

পর্দার চারপাশে দৃশ্যমান কালো বর্ডারটি সম্পূর্ণ অপসারণের কারণেই ছবি ও ভিডিও প্রদর্শনের মান এতটা বেড়ে যাবে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আইএফএ প্রদর্শনীতে ফোনটি দেখানোর পাশাপাশি এর ভেতরে ব্যবহৃত প্রযুক্তিগত দিকগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথাও বলা হয়েছে।

টেকনোর ভাষ্য, পরবর্তী প্রজন্মের এই বেজেলবিহীন কনসেপ্ট ফোনের মাধ্যমে ফোনের নকশা ও প্রযুক্তির উন্নয়নে এক নতুন দিগন্তের সন্ধান মিলবে। সেই সঙ্গে বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য নতুন এবং উন্নত প্রযুক্তি নিয়ে আসার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।