ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বুধবার শুনানি শেষে মিরপুরের গুলি করার ঘটনায় গ্রেপ্তার মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্তর চার দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড অনুমোদন করেন। মিরপুর মডেল থানার এসআই (জিআরও) রফিকুল ইসলাম রাসেল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর সেনপাড়া এলাকার চৌরঙ্গী মার্কেটের সামনে গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি রিভলবারসহ কাওছার ভূঁইয়াকে আটক করা হয়। আবেদনে আরও বলা হয়, আসামির কাছ থেকে একটি ছয় চেম্বারবিশিষ্ট রিভলবার, চারটি ব্যবহৃত কার্তুজের খোসা ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির অংশবিশেষও সংগ্রহ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওছার জানিয়েছেন, পূর্বশত্রুতার কারণে জাকির নামের এক সহযোগীকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলাম ওরফে সিজু (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে তিনি গুলি চালান। তবে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি। ঘটনার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিকে গ্রেপ্তার, অস্ত্রের উৎস শনাক্ত এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে কাওছারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ আবেদনে উল্লেখ করেছে।