অতীতকেন্দ্রিক রাজনীতির পথ ত্যাগের আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঞা (মঞ্জু) সতর্ক করে বলেছেন, এই ধারা থেকে সরে না আসলে নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন ব্যাহত হবে। শনিবার (০১ আগস্ট) বিকেলে ফেনী জেলা এবি পার্টি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিজান রোডে অবস্থিত দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আহসান উল্লাহ ও সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব ফজলুল হক। সেখানে মজিবুর রহমান বলেন, ‘সমালোচনা করার মানসিকতা থেকে অরাজনৈতিক, অশোভন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার যেমন কাম্য নয়, ঠিক তেমনি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হামলা এবং ভাঙচুরও কোনোভাবেই প্রত্যাশিত নয়।' তার মতে, এ ধরণের আচরণ ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক। কটু শব্দ ও হামলা — উভয়ই অতীতমুখী রাজনীতির অংগ।
জুলাই অভ্যুত্থানের সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রতিটি সংগ্রামেরই সফল ও বিফলতার দিক থাকে, জুলাই আন্দোলনও এর ব্যতিক্রম নয়। যারা সাফল্যের অংশ দাবি করবেন, ব্যর্থতার দায়ভারও তাদেরই নিতে হবে। জুলাই যাদের ক্ষমতা দিয়েছে, আকাক্ষা পূরণের দায় তাদের অপরসীম। পতিত ফ্যাসিবাদের আস্ফালন মোকাবেলায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ডাক দেন এবি পার্টির চেয়ারম্যান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মোহাইমিন তাজিমের বক্তব্যে উটে আসে, 'আমরা এ দেশে আর প্রতিহিংসার রাজনীতি প্রত্যাক্ষ করতে চাই না। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'
সভায় আরও বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে ফেনীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পিতা নেছার আহমদ, ঢাকার ইকরাম হোসেন কাউসারের পিতা মাওলানা আনোয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, এনসিপির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ মজুমদার ও জাগপা ফেনী জেলা সভাপতি মো. সাইফ উদ্দিন প্রমুখ।




