পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ২১টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮৫টি শূন্য পদে কর্মী নেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২২ জুলাই সকাল ১০টা থেকে প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন, যা চলবে ২৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। এই নিয়োগে ৯ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন স্তরের পদ অন্তর্ভুক্ত রয়েছে।
সর্বাধিক পদ রয়েছে অফিস সহায়ক (৭২টি) এবং হিসাব সহকারী (৩৬টি) পদে। এছাড়া অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (৩০টি), নিরীক্ষা সহকারী (৭টি), স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর (৭টি), অফিস সহকারী/উচ্চমান সহকারী (৬টি), স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর (৫টি), গবেষণা কর্মকর্তা (৩টি), গবেষণা অনুসন্ধানকারী (৩টি), ডাটা এন্ট্রি অপারেটর (৩টি) এবং পরিসংখ্যান সহকারী (২টি) পদ নিয়োগ দেওয়া হবে। এছাড়া সহকারী পরিচালক, সহকারী প্রোগ্রামার, সহকারী আর্টিস্ট, গ্রন্থাগার সহকারী, প্রশিক্ষক, ড্রাফটসম্যান, অফসেট প্রিন্টিং অপারেটর, প্রুফ রিডার, স্টোরকিপার ও ক্যাশিয়ার প্রতিটি পদে ১টি করে শূন্যপদ রয়েছে।
উচ্চ বেতনের পদগুলোর মধ্যে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার ৯ম গ্রেডভুক্ত, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। গবেষণা কর্মকর্তা ১০ম গ্রেডে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতনে নিয়োগ পাবেন। সহকারী আর্টিস্ট ১১তম গ্রেডের, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা। ১৩তম গ্রেডের পদ যেমন স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী/উচ্চমান সহকারী, গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যান সহকারী, নিরীক্ষা সহকারী, হিসাব সহকারী, ক্যাশিয়ার ও গ্রন্থাগার সহকারী—প্রত্যেকের বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা। ১৪তম গ্রেডের স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর পদের বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা। ১৫তম গ্রেডের প্রশিক্ষক, ড্রাফটসম্যান ও অফসেট প্রিন্টিং অপারেটর পদের বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ১৬তম গ্রেডে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, প্রুফ রিডার ও স্টোরকিপার পদে বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। সর্বনিম্ন গ্রেড (২০তম) অফিস সহায়কের বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের ফি পদভেদে ভিন্ন। প্রথম তিনটি পদের (সহকারী পরিচালক, সহকারী প্রোগ্রামার, গবেষণা কর্মকর্তা) জন্য ২২৩ টাকা, সহকারী আর্টিস্টের জন্য ১৬৮ টাকা, ৫ম থেকে ২০তম পদ পর্যন্ত ১১২ টাকা এবং অফিস সহায়কের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সার্ভিস চার্জ ফির অন্তর্ভুক্ত রয়েছে। আবেদন শুধুমাত্র বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি করতে হবে। বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।




