মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সি অঞ্চলে শনিবার প্রবল বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট নিয়ে গঠিত ট্রাই-স্টেট এলাকার সাবওয়ে স্টেশন ও সড়কগুলো প্লাবিত হয়ে যায়। পানি দ্রুত বেড়ে যাওয়ায় অনেক গাড়িচালক তাদের যানবাহন রাস্তায় ফেলে রেখে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, পথচারীরা হাঁটু সমান পানির মধ্যে দিয়ে চলাচল করছে এবং জরুরি সেবা কর্মীরা পানিবন্দি একাধিক ব্যক্তিকে উদ্ধার করছে। নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে এই দুর্যোগের কারণে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে, ব্রঙ্কসে ইয়াঙ্কিজ ও ডজার্সের মধ্যকার বেসবল খেলাসহ একাধিক স্থানীয় ক্রীড়া ইভেন্ট বৃষ্টির কারণে বাতিল করতে হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস আরও সতর্কবার্তা জারি করে সম্ভাব্য অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।