দেশে হাম ও তার উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) আরও পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকায়, একজন সিলেটে এবং একজন রংপুরে মারা গেছে। এই নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মোট ৮২৫ জন শিশুর মৃত্যু হলো।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৯২ জন এবং হামে সরাসরি আক্রান্ত হয়েছে ১১৩ জন শিশু। মিলিয়ে মোট ১ হাজার ১০৫ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন। এর মধ্যে কেবল হামেই আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ শিশু। অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়েছে এক হাজার শিশু।

উল্লেখ্য, গত মার্চের মাঝামাঝি থেকে হামের প্রকোপ বাড়তে শুরু করে। বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় শিশুদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত টিকা প্রদান ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যায় শুধু শিশুদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে।