ছোট পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব এবার ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। অভিনয় নয়, বরং গায়ক হিসেবে মঞ্চে দাঁড়িয়ে তিনি পরিবেশন করবেন সংগীত। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ নামের এই বিশেষ আয়োজন। কনসার্টটি সন্ধ্যা ৮টায় শুরু হয়ে চলবে দুই ঘণ্টা ধরে।
অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমতুল্য। আয়োজকরা জানিয়েছেন, আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। পোস্টারে এই আয়োজনকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ অর্থাৎ স্মরণীয় একটি সংগীত সন্ধ্যা হিসেবে বর্ণনা করা হয়েছে।
ঘোষণার পরপরই দর্শকদের বিপুল সাড়া পেয়েছেন অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সত্যি কথা বলতে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এত অভাবনীয় ও অবিশ্বাস্য প্রতিক্রিয়া পাবেন তিনি কল্পনাও করেননি। এই ভালোবাসার জন্য সবাইকে তিনি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন। ভক্তদের কারণেই এই যাত্রা তার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন তিনি।
অপূর্বর শৈশবের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেও তার গানের প্রতি আগ্রহ ছিল সবসময়। তবে ভাগ্য তাকে নিয়ে আসে অভিনয় জগতে। দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দায় তিনি অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন। জীবনে যেমন পেয়েছেন বিপুল জনপ্রিয়তা, তেমনি ব্যক্তিগত জীবনেও পেরিয়েছেন কঠিন সময়। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের সময় দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাভাষী দর্শকরা এই অভিনেতাকে গায়ক হিসেবে মঞ্চে দেখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।




