প্রায় আট মাসের বিরতি কাটিয়ে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা পার্থ শেখ। তার অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ সম্প্রতি সিএমভি চ্যানেলে প্রচারিত হয়। প্রচারের পর থেকেই দর্শক ও সহকর্মীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। এতে পার্থের বিপরীতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
নাটকটি প্রচারের পর সামাজিক মাধ্যমে অভিনেতা ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, ফররুখ আহমেদ রেহান, পরিচালক ইমরাউল রাফাত ও রাফাত মজুমদারসহ অনেকেই পার্থের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। নাট্যাঙ্গনে এতটা ব্যাপক প্রশংসা খুবই বিরল বলে মন্তব্য করেছেন অনেকে।
তৌসিফ মাহবুব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘পর্দা আরও এক নতুন তারকা খুঁজে পেল। অভিনন্দন, ছোট ভাই! তোমার প্রাপ্য সকল সাফল্য, ভালোবাসা আর করতালির শুভকামনা রইল।’ ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘শুভকামনা পার্থ।’ পরিচালক ইমরাউল রাফাত একটি খোলাচিঠি লিখে জানিয়েছেন, ‘২০২২ সালে আমি তোমাকে ফিকশন করার কথা জিজ্ঞেস করেছিলাম। তুমি তখন দ্বিধায় ছিলে। এক বছর পর ফিকশনে অভিনয় শুরু করলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমরা একসঙ্গে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছি। বিরতির পর নতুন করে শুরুর জন্য শুভকামনা। দর্শক এবার তাদের প্রিয় চকলেট বয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবেন।’
সহকর্মীদের এই ভালোবাসায় আপ্লুত হয়েছেন পার্থ। তিনি জানান, নাটক প্রচারের পর রাতভর শুভকামনা আসতে থাকে। এত ভালোবাসায় ঘুম আসছিল না। ভোরে ঘুমিয়ে উঠে দেখেন আরও অনেক ভালোবাসা জমা হয়েছে। তার ক্যারিয়ারে আগে কখনো এত প্রশংসা পাননি বলে জানান তিনি।
প্রথম আলোকে পার্থ বলেন, ‘তৌসিফ ও জোভান ভাই আমাকে খুবই পছন্দ ও স্নেহ করেন। ক্যারিয়ারের শুরু থেকেই তারা অনুপ্রেরণা দিয়েছেন। তাদের প্রশংসা আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। নির্মাতা রাফাত ভাই, রিংকু ভাই, ফররুখসহ দর্শকদের কাছেও আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসায় আমি আপ্লুত।’
গত আট মাস নতুন কোনো নাটক না আসার কারণ হিসেবে পার্থ জানান, গতানুগতিক কাজ না করে ভালো কোনো কাজ দিয়ে ফিরতে চেয়েছিলেন। ‘অমর প্রেম’ সেই প্রত্যাশা পূরণ করেছে। তার ভাষায়, ‘এটাই ফেরার মতো ফেরা।’ এখন তিনি নিয়মিত অভিনয় করে যেতে চান। আর বিরতি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। ভালো গল্পের অপেক্ষায় থাকবেন বলেও জানান তিনি।
সহশিল্পী তটিনী সম্পর্কে পার্থ বলেন, ‘সে সব সময় সহায়তা করেছে। আমরা দুজন কীভাবে কাজটি ভালো করা যায় তা নিয়ে প্রচুর ভেবেছি। আমাদের বোঝাপড়া ভালো ছিল।’ প্রযোজনা প্রতিষ্ঠানের শাহেদ আলী পাপ্পুর ভূমিকারও প্রশংসা করেন তিনি। নাটকটি যৌথভাবে লিখেছেন শাহরিয়ার সজিব ও পরিচালক জাহিদুল ইসলাম। ইতিমধ্যে নাটকটি ৩৩ লাখের বেশি দর্শক দেখেছেন।




