বিশ্বের নানা অঞ্চলে যখন তাপপ্রবাহ ও অস্বাভাবিক গরমে মানুষ হাঁসফাঁস করছে, তখন একেবারে বিপরীত চিত্র দেখা গেছে পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে। বরফের চাদরে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফরাসি-ইতালীয় যৌথ উদ্যোগে পরিচালিত কনকর্ডিয়া গবেষণাকেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, গত ১৮ জুলাই সেখানে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৮৪.১ ডিগ্রি সেলসিয়াসে। এই মান গত ১৪ বছরের মধ্যে বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে চিহ্নিত হয়েছে।

এর আগে ২০১২ সালে পূর্ব অ্যান্টার্কটিকার রাশিয়ার ভোস্টক স্টেশনে তাপমাত্রা মাইনাস ৮৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা ছিল সে সময়ের রেকর্ড। তবে বর্তমান রেকর্ডটি তার কাছাকাছি হলেও কিছুটা বেশি। কনকর্ডিয়া স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত। সাধারণত বছরের এই সময়ে সেখানে তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রির নিচে নেমে যায়, কিন্তু এ বছর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শীত পড়েছে।

কনকর্ডিয়া গবেষণাকেন্দ্রের প্রধান গ্যাব্রিয়েল কারুগাতি এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এটি অ্যান্টার্কটিকার আবহাওয়ার চরম পরিবর্তনশীলতাকে প্রতিফলিত করে। এমন একটি অঞ্চল যেখানে চরম শীত স্বাভাবিক, সেখানেও মাইনাস ৮৪ ডিগ্রির নিচের তাপমাত্রা অসাধারণ বলে মন্তব্য করেন তিনি। অ্যান্টার্কটিক মালভূমির ওপর অবস্থিত এই কেন্দ্র বিশ্বের সবচেয়ে দুর্গম মানবঘাঁটি হিসেবে পরিচিত। এর অত্যন্ত নির্জন অবস্থান পৃথিবী ও মহাকাশ গবেষণার জন্য এটিকে একটি আদর্শ স্থানে পরিণত করেছে।

শীতকালে এই কেন্দ্রে কোনো বিমান পৌঁছাতে পারে না এবং নিকটবর্তী ভোস্টক কেন্দ্রটি ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। কারুগাতি জানান, এখানকার গবেষকরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চেয়েও বেশি বিচ্ছিন্ন অবস্থায় থাকেন। কারণ মহাকাশ স্টেশন পৃথিবী থেকে মাত্র ৪০০ কিলোমিটার ওপরে ঘুরছে। শীতকালে মাসের পর মাস সূর্যের আলো না থাকায় এবং বায়ুমণ্ডল অত্যন্ত শুষ্ক থাকায়, মেঘের অনুপস্থিতিতে তাপ দ্রুত মহাশূন্যে চলে যায়, ফলে তাপমাত্রা অসাধারণ মাত্রায় নেমে যায়।

কনকর্ডিয়ার নিজস্ব সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা হলো মাইনাস ৮৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১০ সালের শীতকালে রেকর্ড করা হয়েছিল। তবে পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডটি রাশিয়ার ভোস্টক স্টেশনের দখলেই রয়েছে। ১৯৮৩ সালের জুলাই মাসে সেখানে তাপমাত্রা মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা আরও জানিয়েছেন যে, পূর্ব অ্যান্টার্কটিকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫০ মিটার উঁচুতে বরফের গর্তে তাপমাত্রা মাইনাস ৯৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উল্লেখযোগ্যভাবে, গত মার্চ মাসে কনকর্ডিয়ায় তাপমাত্রা ছিল মাইনাস ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১৮ ডিগ্রি বেশি ছিল।