বলিউড অভিনেতা রাজেশ শর্মা বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দক্ষিণি সুপারস্টার প্রভাসের সাথে রামোজি ফিল্ম সিটিতে একটি সিনেমার শুটিং চলাকালে বিষাক্ত এক পোকার কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ঘটনাটিকে তেমন গুরুত্ব না দিয়ে শুটিং চালিয়ে গেলেও প্রায় ছয় ঘণ্টা পর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়। এরপর জ্বর ও শারীরিক অস্থিরতা বাড়তে থাকলে তিনি বিমানে কলকাতায় ফিরে আসেন এবং পরদিন হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসক অভিজিৎ ভট্টাচার্য জানান, রাজেশের জ্বর এখনো পুরোপুরি কমেনি। তিনি শ্বাসকষ্ট ও ডান পায়ের সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণটি পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং আক্রান্ত স্থানে ফোসকা দেখা দিয়েছে। এছাড়া তার ডায়াবেটিস থাকায় জটিলতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকদের মতে, জটিলতা বাড়লে রক্ত জমাট বেঁধে তা ফুসফুসে পৌঁছাতে পারে। তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার অবস্থা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না এবং তিনি এখনো বিপদমুক্ত নন।
রাজেশকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। তারা জানান, শুটিং শেষে স্থানীয় কয়েকজন টেকনিশিয়ানের সাথে আড্ডা দেওয়ার সময় পোকাটি তাকে কামড়ায়। রাজেশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তারা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা সংবাদমাধ্যম, বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম, রাজেশের বন্ধু-শুভানুধ্যায়ী এবং বিশেষ করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই কঠিন সময়ে প্রসেনজিৎ সব সময় পাশে থেকে সাহস ও সহযোগিতা করে যাচ্ছেন।




