রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. আবেদুর রহমান সিকদার। গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে পদভার গ্রহণ করেন। এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেয়।

প্রায় তিন দশকের ব্যাংকিং পেশাজীবনে আবেদুর রহমান সিকদার ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেওয়ার পর তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, দায় ব্যবসা, কার্ড, ই-ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, শাখা কার্যক্রম এবং বিতরণ নেটওয়ার্কের আধুনিকায়নে নেতৃত্ব দেন। তাঁর পরিচালনায় ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহক সেবা, পরিচালনাগত দক্ষতা এবং ডিজিটাল ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়।

কর্মজীবনের শুরুর দিকে তিনি উত্তরা ব্যাংকে যোগ দেন। এরপর ব্র্যাক ব্যাংকের যাত্রার শুরুতেই যুক্ত হন এবং সেখানে ১৬ বছর কর্মরত ছিলেন। ব্র্যাক ব্যাংকে তিনি ব্যাংকিং অপারেশন, ট্রেজারি, রেমিট্যান্স, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, শাখা ব্যাংকিং, বিকল্প ব্যাংকিং, বিপণন ও কর্পোরেট বিষয়, প্রিমিয়াম ব্যাংকিং এবং গ্রাহক অভিজ্ঞতা—এসব ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ক্লাস্টার প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি শ্রীলঙ্কার ব্র্যাক লংকা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে নেক্সাসপে ও রকেট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা কিউআর জনপ্রিয় করার ক্ষেত্রেও তিনি অবদান রাখেন। তাঁর নেতৃত্বে নেক্সাসপে একটি জনপ্রিয় ও উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং অ্যাপ্লিকেশনে পরিণত হয়।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে চেয়ারম্যানস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড ও বেস্ট ব্র্যাঞ্চ ম্যানেজার অ্যাওয়ার্ড অর্জন করেন।