ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মতিঝিল এলাকার ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে হাজির করা হয়। এর আগে তাদের সাত দিনের রিমান্ড শেষ হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মোমিনুর রহমান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানালে বিচারক তা অনুমোদন করেন বলে আদালতের প্রসিকিউশন শাখার এসআই রোকুনুজ্জামান জানিয়েছেন।

গত ১৭ জুলাই ভোরে হোটেল পূর্বাণীর কাছে থেকে তানিম এবং দুপুরের দিকে উত্তর কমলাপুর এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবসায়ী ইসমাইল হোসেনের দায়ের করা মামলায় পরদিন তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইসমাইল হোসেন পেশায় ব্যবসায়ী এবং তিনি মতিঝিল থানার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ মে রাত সাড়ে ১১টায় ইসমাইল হোসেন এজিবি কলোনিতে অবস্থানকালে তার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ কল আসে। কল রিসিভ করার পর তানিম গরুর হাটে নিজের মনোনীত ব্যক্তিকে অংশীদার হিসেবে রাখার জন্য চাপ দেন। একইসঙ্গে তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মনোনীত ব্যক্তিকে না নিলে এবং টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

চার দিন পর ১৯ মে ভোরে ইসমাইলের অফিসে গুলি চালানো হয়। এর জেরে ২০ মে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন ইসমাইল হোসেন। পুলিশের অভিযানে তানিম ও রাকিবুল গ্রেপ্তার হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচটি রিভলভারের গুলি, দুটি পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক গান ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে।