ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন ওই ভবনের ভেতরে নাইলনের দড়ি দিয়ে কাঠের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম মো. শাকিল (১৯)। তাঁর বাবার নাম সেকেন্দার আলী মাতুব্বর এবং মা আসমা বেগম। তাঁরা মোহাম্মদপুরের ঝিগাতলা এলাকার শিবপুর টালি অফিস এলাকায় বসবাস করতেন। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এসআই অহিদুর রহমান। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো আলামত পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় ‘সুধা সদন’ নামে পরিচিত এই বাসভবনেও ভাঙচুর হয়। এরপর গত বছরের ৬ ফেব্রুয়ারি ওই বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। শেখ হাসিনার পতনের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।




