মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জীবনের প্রথম দিককার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র 'ইয়াং ওয়াশিংটন' আগামী মঙ্গলবার (১১ আগস্ট) প্রিমিয়াম ভিডিও অন ডিমান্ড (পিভিওডি) প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। অ্যাঞ্জেল স্টুডিওজ ও ওয়ান্ডার প্রজেক্টের এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনী শেষে এখন ডিজিটাল দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে।
প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চরিত্রে অভিনয় করেছেন উইলিয়াম ফ্র্যাঙ্কলিন-মিলার। একটি ভুল সিদ্ধান্ত কীভাবে ভবিষ্যতের প্রথম প্রেসিডেন্টকে একটি বৈশ্বিক সংঘাতে জড়িয়ে ফেলে — এই চলচ্চিত্রে সেই গল্পই তুলে ধরা হয়েছে। 'হাউজ অব ডেভিড' খ্যাত পরিচালক জন আরউইন এই সিনেমাটি নির্মাণ করেছেন। এতে আরও অভিনয় করেছেন কেলসি গ্রামার (লর্ড ফেয়ারফ্যাক্স), বেন কিংসলি (রবার্ট ডিনউইডি), অ্যান্ডি সার্কিস (জেনারেল ব্র্যাডক) এবং মেরি-লুইস পার্কার (জর্জ ওয়াশিংটনের মা মেরি ওয়াশিংটন)।
বক্স অফিস ট্র্যাকার দ্য নাম্বারসের তথ্য অনুযায়ী, 'ইয়াং ওয়াশিংটন' নির্মাণে ২০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা বিপণন ব্যয়ের আগের হিসাব। দেশীয় প্রেক্ষাগৃহে ছবিটি এখন পর্যন্ত ৪৬.৮ মিলিয়ন ডলার আয় করেছে। তবে আন্তর্জাতিক বাজারে ছবিটির তেমন সাড়া মেলেনি, যেখানে আয় মাত্র ১৫,৩০০ ডলারের মতো।
গত ৩-৫ জুলাই মুক্তির সপ্তাহান্তে 'ইয়াং ওয়াশিংটন' ১৯.৩ মিলিয়ন ডলার আয় করে, যা অ্যাঞ্জেল স্টুডিওজের জন্য দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'সাউন্ড অব ফ্রিডম' ১৯.৬ মিলিয়ন ডলার আয় করে প্রথম স্থানে রয়েছে।
সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের কাছে ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রটেন টম্যাটোসে সমালোচকদের স্কোর ৫৯ শতাংশ 'রটেন' হলেও দর্শকদের রেটিং ৯২ শতাংশ 'ফ্রেশ'। ১,০০০-এর বেশি যাচাইকৃত ব্যবহারকারীর রেটিংয়ের ভিত্তিতে এই স্কোর পাওয়া গেছে।
দর্শকদের এমন উৎসাহ দেখে পরিচালক জন আরউইন আগেই জানিয়েছেন, ওয়াশিংটনের গল্পের পরবর্তী অংশ নিয়ে কাজ শুরু করেছেন। গত ৪ জুলাই একটি ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় তিনি বলেন, সারা দেশে দর্শকরা ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সবাই জানতে চাইছেন জর্জ ওয়াশিংটনকে নিয়ে আরও সিনেমা হবে কি না। মাউন্ট ভার্ননে দাঁড়িয়ে তিনি জানান, হ্যাঁ, তারা এখনই ১৭৭৬ সালের বিপ্লবী যুদ্ধ নিয়ে আরেকটি মহাকাব্যিক চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। ওয়াশিংটন যতটা বড়, ১৭৭৬ আরও বড় হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রাইম ভিডিওর তালিকায় দেখা যাচ্ছে, ১১ আগস্ট থেকে 'ইয়াং ওয়াশিংটন' ডিজিটাল স্ট্রিমিংয়ে মুক্তি পাবে। অ্যাপল টিভি, ফ্যান্ডাঙ্গো অ্যাট হোম এবং ইউটিউব মুভিজ অ্যান্ড টিভির মতো প্ল্যাটফর্মে ছবিটি ২৪.৯৯ ডলারে কেনা যাবে। সাধারণত পিভিওডি রেন্টাল কেনার চেয়ে ৫ ডলার কম হয়, তাই দর্শকরা ১৯.৯৯ ডলারে ৪৮ ঘণ্টার জন্য ছবিটি ভাড়া নিতে পারবেন। যারা বড় পর্দায় ছবিটি দেখতে চান, তাদের জন্য দেশজুড়ে ২৭৫টি প্রেক্ষাগৃহে ছবিটি এখনও চলছে।




