যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নিষেধাজ্ঞা চীনের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনকে ত্বরান্বিত করছে। এর সাম্প্রতিক উদাহরণ বেইজিংভিত্তিক স্টার্টআপ মুনশটের নতুন মডেল কিমি কে৩। এই মডেলটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও অ্যানথ্রপিকের ক্লডের সেরা সংস্করণের কাছাকাছি কার্যক্ষমতা প্রদর্শন করছে, কিন্তু ব্যবহারমূল্য অর্ধেক। এআই সিস্টেম মূল্যায়নের প্ল্যাটফর্ম আরিনার সূচকে কিমি কে৩ ফ্রন্ট-এন্ড কোডিং সক্ষমতা বিভাগে শীর্ষস্থান দখল করেছে। আরিনার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনাস্তাসিওস অ্যাঞ্জেলোপোলোস সামাজিক মাধ্যমে এটিকে 'বছরের সবচেয়ে বড় প্রকাশ' এবং ওপেন সোর্স এলএলএমের মধ্যে সেরা পারফরম্যান্স বলে উল্লেখ করেছেন।

মডেলটির প্রকাশের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বার্ষিক বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মূল ভাষণ দেওয়ার আগের দিন ঘটেছে। শি সেখানে বলেন, 'এআই উন্নয়নকে কোনো একক দেশের একক প্রদর্শনী না হয়ে বরং বিশ্বব্যাপী সহযোগিতার সম্মেলন হওয়া উচিত।' মার্কিন নিষেধাজ্ঞার মুখে চীন নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে বাধ্য হচ্ছে, যা তাদের ওপেন সোর্স মডেলের উন্নতিতে সহায়তা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগে গত মাসে চীনা স্টার্টআপ জিপু’র জিএলএম-৫.২ মডেল প্রকাশিত হয়েছে, যা বিশ্বব্যাপী ডেভেলপারদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এআই কনফারেন্সে তাদের নতুন অ্যাটলাস ৯৫০ সুপারপিওডি সিস্টেম প্রদর্শন করেছে, যা চীনের নিজস্ব হার্ডওয়্যার সক্ষমতার ইঙ্গিত দেয়। মুনশট কে৩ তৈরিতে কী হার্ডওয়্যার ব্যবহার করেছে তা প্রকাশ করেনি, কিন্তু প্রতিষ্ঠানটি হুয়াওয়ের অংশীদার।

তবে এই সাফল্যের পেছনে বিতর্কও রয়েছে। অ্যানথ্রপিক অভিযোগ করেছে যে কিমি কে৩ সহ বেশ কিছু চীনা এআই মডেল 'ডিস্টিলেশন' কৌশলের মাধ্যমে তাদের প্রযুক্তি নকল করছে। ডিস্টিলেশন পদ্ধতিতে একটি শক্তিশালী মডেলের আউটপুট ব্যবহার করে দুর্বল মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যানথ্রপিকের দাবি, প্রতিযোগীরা এই পদ্ধতি ব্যবহার করে অল্প সময়ে ও কম খরচে উন্নত সক্ষমতা অর্জন করছে। অন্যদিকে, বেইজিং এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে। মজার ব্যাপার হলো, সান ফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ অ্যানিস্ফিয়ার, যা জনপ্রিয় কোডিং টুল কার্সর তৈরি করে, তারা স্বীকার করেছে যে তাদের শীর্ষ পণ্যগুলোর একটি মুনশটের কে২.৫ মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এলন মাস্কের স্পেসএক্স চলতি বছর ৬০ বিলিয়ন ডলারে কার্সর কেনার পরিকল্পনা করছে।

মুনশটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়াং ঝিলিন পিংক ফ্লয়েডের ভক্ত এবং কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী। তার প্রাক্তন উপদেষ্টা রাস সালাখুতদিনভ এটিকে ওপেন সোর্স সম্প্রদায়ের জন্য বড় অর্জন বলে মন্তব্য করেছেন। ওপেন সোর্স পদ্ধতি এআই প্রযুক্তির মূল উপাদানগুলো সবার জন্য উন্মুক্ত রাখে, যা উদ্ভাবনে সহায়তা হলেও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে সমালোচকদের মত। ব্যাংক অফ আমেরিকার বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিমি কে৩-এর ব্যবহারমূল্য চীনা মডেলগুলোর মধ্যে সর্বোচ্চ হলেও তা ওপেনএআইয়ের জিপিটি-৫.৬ সোল মডেলের অর্ধেক। সব মিলিয়ে, চীনা ওপেন সোর্স এআই মডেলগুলোর এই অগ্রগতি প্রযুক্তি জগতে সাড়া ফেলেছে। যদিও কিছু বিশেষজ্ঞ একে অতিপ্রতিক্রিয়া বলে মনে করছেন, অনেকেই বিশ্বাস করছেন এটি অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের জন্য রাজস্ব চ্যালেঞ্জ তৈরি করতে পারে।