২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রতত্ত্বের জেরে আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা নিজের মাকেও কড়া জবাব দিয়েছেন। এক সাক্ষাৎকারে মেদিনা জানিয়েছেন, স্পেনের পক্ষে ফাইনাল সাজানো হয়েছিল বলে যে গুঞ্জন উঠেছে, তাতে তার মা-ও প্রভাবিত হয়েছিলেন। আর্জেন্টাইন কনটেন্ট নির্মাতা গ্রেগো রোসেলোর সঙ্গে আলাপকালে মেদিনা এই ঘটনার কথা জানান।
মেদিনার বর্ণনা অনুযায়ী, তার মা বলেছিলেন, ‘আমিও বিষয়টা একটু বিশ্বাস করি।’ মায়ের এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মেদিনা বলেন, ‘আরে, তুমিও কি এসব বিশ্বাস করবে? এসব বাদ দাও, আমাকে আর বিরক্ত কোরো না।’ এরপর তিনি তার মায়ের কাছে প্রশ্ন রাখেন, ‘তোমার কি মনে হয়, আমরা ওই ম্যাচে কেন নেমেছিলাম? আমরা অন্য দলগুলোর মতোই জেতার অভিপ্রায় নিয়েই মাঠে গিয়েছিলাম। জিততে পারলে আমাদেরও ভালো লাগত। কিন্তু আমরা হেরেছি, আর তা মেনে নেওয়াই শ্রেয়।’
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরই অনলাইনে একশ্রেণির আর্জেন্টাইন সমর্থক দাবি করতে শুরু করেন যে স্পেনের জন্য ট্রফি পূর্বনির্ধারিত ছিল। কেউ কেউ তো এ-ও বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়রা নাকি মাঠে নামার আগেই জানতেন যে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। মেদিনা শুরু থেকেই এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আসছেন। দেশে ফেরার পর নিজের আবাসনের বারান্দা থেকে প্রতিবেশীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছিলেন।
ওই ভাষণে মেদিনা বলেন, ‘এসব অর্থহীন কথায় বিশ্বাস করবেন না। ছবি ও ভিডিওতেই দেখেছেন, আমাদের দলের মধ্যে সর্বদা চমৎকার ঐক্য ছিল। পরাজয়ের যন্ত্রণা আমরাও পেয়েছি। আমরা গভীর দুঃখ পেয়েছি! তবে জানি, এটা দুনিয়ার শেষ নয়। কেননা, এটি শুধু একটি ফুটবল খেলা। জীবনে এর চেয়েও মূল্যবান অনেক কিছু রয়েছে।’
শুধু মেদিনা নন, আর্জেন্টিনা দলের মধ্যমাঠের খেলবাড় লিয়ান্দ্রো পারেদেস এবং ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেসও এ ধরনের ষড়যন্ত্রতত্ত্ব প্রত্যাখান করেছেন এবং যারা এসব ছড়াচ্ছেন তাদের সমালোচনা করেন।



