গত চার বছরের ব্যবধানে ব্র্যাক ব্যাংকের খুচরা আমানত প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় ঠেকেছে। ২০২২ সালের জুনে ব্যাংকটির খুচরা আমানতের পরিমাণ ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা। সর্বশেষ গত এক বছরে খুচরা আমানত বৃদ্ধির হার ৩৮ শতাংশ। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে ব্র্যাক ব্যাংক এ গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করে। ব্যাংকটির বিস্তৃত শাখা ও উপ-শাখা নেটওয়ার্ক, খুচরা বিক্রয় চ্যানেল, ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা আমানত সংগ্রহে প্রধান ভূমিকা রেখেছে।
ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও খুচরা ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে এই মাইলফলক অতিক্রম করা গর্বের বিষয়। তিনি উল্লেখ করেন, এটি ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ ও মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার ফল। গ্রাহকদের আস্থা ও ব্যাংক কর্মীদের নিরলস শ্রম সাফল্যের মূল ভিত্তি বলে তিনি মন্তব্য করেন।
বর্তমানে শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, উদ্ভাবনী পণ্য ও সেবা এবং গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম শীর্ষ খুচরা ব্যাংকে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, গ্রাহকদের দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।




