নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের আওতাধীন ‘ইন্টারনেট ব্যাংকিং, অ্যাপ অ্যান্ড এসএমএস অপারেশনস’ শাখায় ‘এক্সিকিউটিভ অফিসার (ইও)’ পদটিতে কর্মী নেওয়া হবে। কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। বেতন-ভাতা আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স অথবা এসবের সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতার দিক থেকে ব্যাংকিং খাতে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আবশ্যক। ডিজিটাল ব্যাংকিং অপারেশনস, ইন্টারনেট ব্যাংকিং অপারেশনস, অ্যাকাউন্ট ডকুমেন্টেশন অ্যান্ড চেক অপারেশনস, পেমেন্ট সার্ভিস অথবা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের দক্ষতা থাকতে হবে। ব্যবহারকারী ব্যবস্থাপনা, লেনদেন পর্যবেক্ষণ, ডিজিটাল চ্যানেল পরিচালনা, ভেন্ডরের সঙ্গে সমন্বয় এবং নিয়ন্ত্রক প্রতিবেদন প্রস্তুতির কাজে পারদর্শী প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

নির্বাচিত কর্মকর্তার প্রধান দায়িত্ব হবে ইন্টারনেট ব্যাংকিং, স্মার্ট অ্যাপ ও এসএমএস সেবা নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা এবং গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি করা। একইসঙ্গে করপোরেট ও খুচরা গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তকরণ, তথ্যপ্রযুক্তিগত সহায়তা প্রদান, আইসিটি বিভাগ ও বিভিন্ন ভেন্ডরের সঙ্গে সমন্বয় এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা প্রতিপালন নিশ্চিত করাও তার কাজের আওতাভুক্ত।

আগ্রহী প্রার্থীদের বিডিজবস ডটকম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগপ্রক্রিয়ায় শুধুমাত্র প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই ২০২৬।