দৈত্যাকার বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে তাদের বিপুল নগদ সঞ্চয় খাত থেকে অর্থ বের করে নতুন বিনিয়োগে নামছে। গ্রেগ অ্যাবেল প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় পূর্ণ প্রান্তিক শেষে ডেল্টা এয়ার লাইনস ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটে শেয়ার কেনা বাড়ানো হয়েছে। শুক্রবার প্রকাশিত নথি অনুযায়ী, জুন শেষে ডেল্টায় ১ কোটি ৭৫ লাখ অতিরিক্ত শেয়ার যোগ করে বার্কশায়ার, ফলে প্রতিষ্ঠানটিতে তাদের মালিকানার মূল্য দাঁড়িয়েছে ৫.৩৭ বিলিয়ন ডলার। অপরদিকে, অ্যালফাবেটে ৪ কোটি ৮১ লাখ শেয়ার কেনার পর সেটি এখন বার্কশায়ারের তৃতীয় বৃহত্তম বিনিয়োগে পরিণত হয়েছে, যার বাজারমূল্য মধ্যবছরে ৩৭.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

গত সপ্তাহে দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশের সময় জানানো হয়, ওই সময়ে নিজস্ব শেয়ার পুনঃক্রয়ের জন্য প্রায় ৪.৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে অন্যান্য কোম্পানির শেয়ার কেনার খাতে প্রায় ২০ বিলিয়ন ডলারের নিট বিনিয়োগও করা হয়েছে। এই ব্যয়ের ফলে প্রতিষ্ঠানটির নগদ মজুদ ৩৬৫.৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা মার্চ শেষে ছিল রেকর্ড ৩৯৭ বিলিয়ন ডলার।

ওয়ারেন বাফেটের আমলে বাজারের উচ্চ মূল্যায়নের কারণে তুলনামূলকভাবে কম চুক্তি করতেন বলে পরিচিত ছিলেন। তবে তার উত্তরসূরি অ্যাবেলের তত্ত্বাবধানে ওই প্রান্তিকে একের পর এক বহু বিলিয়ন ডলারের লেনদেন সম্পন্ন হয়েছে। গৃহনির্মাণ প্রতিষ্ঠান টেলর মরিসন হোম কর্পোরেশনে ৬.৮ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, যা মূল্য-ভিত্তিক বিনিয়োগের একটি নমুনা। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিনিয়োগে সহায়তার জন্য অ্যালফাবেটকে ১০ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে — এটি কোম্পানিটির জন্য একটি নতুন ক্ষেত্র। গত মাসেই টেলর মরিসনের কেনাকাটা চূড়ান্ত হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে আরও একটি গৃহনির্মাণ প্রতিষ্ঠান লেনার কর্পোরেশনের শেয়ার কেনা বাড়িয়েছে বার্কশায়ার, ফলে সেখানে তাদের বিনিয়োগের পরিমাণ এখন প্রায় ১.২১ বিলিয়ন ডলার। তবে ব্যাংক অব আমেরিকা কর্পোরেশনের শেয়ার বিক্রি অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি, বর্তমানে মার্কিন ঋণদাতা প্রতিষ্ঠানটির ৬.৮ শতাংশ শেয়ার তাদের হাতে রয়েছে।

অন্যদিকে, শুক্রবার আরেকটি পৃথক নথিতে দেখা গেছে, গেটস ফাউন্ডেশন বার্কশায়ারের প্রায় ২৪ লাখ ক্লাস বি শেয়ার বিক্রি করেছে। এর ফলে প্রান্তিক শেষে ফাউন্ডেশনটির মালিকানার মূল্য দাঁড়িয়েছে ৭.৩৫ বিলিয়ন ডলার। গত মাসে বাফেট জানিয়েছিলেন, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে বাড়তে থাকা সমালোচনার প্রেক্ষাপটে এই দাতব্য প্রতিষ্ঠানে আর কোনো অনুদান দেওয়ার পরিকল্পনা তার নেই।