গতকাল রোববার ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের হাফটাইম শোতে প্রথমবারের মতো পারফর্ম করে কে-পপ ব্যান্ড বিটিএস। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ফাইনালের বিরতিতে মঞ্চ মাতান জিমিন, জাংকুক ও অন্যান্য সদস্যরা। 'রেড ডেভিলস' সমর্থকদের রং থেকে অনুপ্রাণিত হয়ে কালো, লাল ও সাদা পোশাক পরে তারা উপস্থিত হন। তাদের পরিবেশনায় ছিল ২০২০ সালে প্রকাশিত জনপ্রিয় গান 'ডায়নামাইট'-এর একটি বিশেষ সংক্ষিপ্ত সংস্করণ। উল্লেখ্য, এই ইংরেজি গানটি বিলবোর্ড হট ১০০ তালিকায় বিটিএসের প্রথম নম্বর গান হিসেবে স্থান পেয়েছিল।
বিশ্বকাপের এই বিশেষ আয়োজনের জন্য গানের কয়েকটি কথাও পরিবর্তন করা হয়। মূল গানের 'কিক দ্য ড্রাম'-এর জায়গায় ব্যবহার করা হয় 'কিক দ্য বল'। আর 'আ গেম অব পিং পং'-এর বদলে রাখা হয় 'আ গেম অব ফুটবল'। গ্লোবাল সিটিজেনের সঙ্গে যৌথ উদ্যোগে এই হাফটাইম শোর আয়োজন করা হয়, যার পরিকল্পনায় ছিলেন কোল্ডপ্লে-এর প্রধান গায়ক ক্রিস মার্টিন। এই মঞ্চে বিটিএস ছাড়াও পারফর্ম করেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা ও বার্না বয়।
হাফটাইম শো চলাকালে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের কথাও তুলে ধরা হয়। বিশ্বের সুবিধাবঞ্চিত অঞ্চলের শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়ানোর লক্ষ্যে কাজ করে এই তহবিল। পরিবেশনার পর বিগ হিট মিউজিকের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফটাইম শোতে পারফর্ম করার সুযোগ পাওয়া তাদের জন্য অত্যন্ত সম্মানের। বিটিএসের পক্ষ থেকে বলা হয়, 'শৈশব থেকেই আমরা বিশ্বকাপ দেখে আসছি। এই মঞ্চে অসাধারণ সব শিল্পীর পাশে দাঁড়ানোটা সত্যিই স্বপ্নের মতো। বিশ্বের বিভিন্ন দেশের আর্মিদের (ভক্তগোষ্ঠী) সমর্থনের কারণেই আমরা এখানে আসতে পেরেছি।'
এই অর্জন বিটিএসের জন্য আরেকটি মাইলফলক। ২০২২ সালে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সদস্য জাংকুক 'ড্রিমার্স' গান পরিবেশন করেছিলেন। চার বছর পর এবার বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতে সাত সদস্যের পূর্ণাঙ্গ দল হিসেবে ফিরল তারা। 'আরিরাং' বিশ্ব সফরের ইউরোপ পর্ব শেষ করার মাত্র এক দিন পরই এই পরিবেশনায় অংশ নেয় বিটিএস। মাদ্রিদ, ব্রাসেলস, লন্ডন, মিউনিখ ও প্যারিস—এই পাঁচ শহরের ১০টি কনসার্টে প্রায় সাত লাখ ১৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন। আগামী ১ ও ২ আগস্ট মেটলাইফ স্টেডিয়ামে দুটি কনসার্টের মাধ্যমে উত্তর আমেরিকা পর্ব শুরু করবে তারা। সেপ্টেম্বরের শুরু পর্যন্ত চলবে এই বিশ্বসফর। কোরিয়া হেরাল্ড অবলম্বনে।




